২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যস্ততা যাদের দেয় না অবসর তাদের পূজা

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গা পূজা। বিনোদন আকাশের তারারাও মায়ের ডাকে সাড়া না দিয়ে পারেন না। এমনই কয়েক জন তারকা গ্লিটজকে শুনিয়েছেন তাদের পূজা উদযাপনের গল্প।  

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 02:23 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

মায়ের জন্য দেবী দর্শন

মঞ্চ ও টেলিভিশনের দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার নিজেকে কোনো ধর্মাবলম্বী নয় বরং 'মানুষ' বলে দাবি করেন। আলাদা করে কোনো ধর্মীয় উৎসবকে বিশেষ প্রাধান্য দেন না। বললেন, “ছোটবেলায় পূজা করাটা বিশেষ একটা উপলক্ষ ছিল। কিন্তু এখন সব উৎসবই পালন করি। আমি একজন ‘হিউম্যান বিয়িং’, সেভাবেই জীবনযাপন করছি।”

শারীরিক অসুস্থতা সত্ত্বেও “মাকে খুশী করতে” অষ্টমীর দিনটি গুলশান, বনানী, কলাবাগান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী দর্শন করেছেন।

জানালেন, পূজার শুরুতেই অসুস্থতার কারণে মায়ের বাসায় উঠেছেন তমালিকা। বিজয়া দশমীও কাটবে মায়ের বাসায়। সেখানে আত্মীয়-বন্ধুদের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করে নেবেন। আর নিয়ম করে দশমীর দিন পরিবারের সঙ্গে দুপুরে বাইরে খেতে যাওয়াও হবে।

বাবা-মার শূন্যতায় পূজা আনন্দহীন

বাবা পণ্ডিত বারীন মজুমদার চলে গেছেন অনেক আগেই। মা ইলা মজুমদারও চলে গেলেন তিন বছর হলো। তারা বেঁচে থাকলে উৎসবমুখর হয়ে উঠতো পূজার কয়েকটি দিন। পরিবারের ছোট সন্তান বাপ্পা মজুমদার এখন পূজা বা উৎসব এলেই শূন্যতা বোধ করেন।

বললেন, “পূজা এলে এখন আর কোনো উৎসাহ পাই না কিছু করতে। বাবা চলে গেছেন অনেকদিন হলো। মা বেঁচে থাকলে দাদা-বৌদিদের (পার্থ মজুমদার ও তার স্ত্রী) সঙ্গে পূজায় খাওয়া-দাওয়া, আনন্দ করতাম। মাও চলে গেছেন। তীব্র একটা শূন্যতা বোধ করি এখন।”

আর এ বছর পণ্ডিত বারীণ ‍মজুমদারের মৃত্যুদিবস এসেছে পূজার সময়ই। 

“দাদার (পার্থ মজুমদার) বাসায় পূজার আয়োজন হতো। এ বছর তারাও দেশে নেই। তাই নিজের স্টুডিওতেই বাবার মৃত্যুবার্ষিকী পালন করবো। আর টিভি চ্যানেলে গান গাইবো।”

সবকিছুই ভবিষ্যৎ প্রজন্মকে ঘিরে

সপ্তমীর দিনটি পযর্ন্ত শুটিং করেছেন। মাঝে একদিনের বিশ্রাম। এরপরেই ছুটবেন বাড়ীর পানে। ‘পথের ক্লান্তি ভুলে’ খ্যাত শিল্পী চঞ্চল চৌধুরী এবারও মায়ের কাছে যাবেন পূজার ছুটিতে। তবে পূজার পর্ব শেষ হওয়ার আগে পৌছাতে পারবেন কিনা সন্দেহ।

বললেন, “আজও বাচ্চাটার (ছেলে ঋদ্ধ) স্কুল খোলা ছিল। তাই আগামীকাল পাবনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জানি না পূজাটা ধরতে পারবো কী না! শুনলাম রাস্তায় নাকি লম্বা জ্যাম।”

বাবা-মার জন্যই মূলত গ্রামের বাড়িতে যাওয়া হয় চঞ্চলের। তাদের প্রতি দায়িত্ব এবং ভবিষৎ প্রজন্ম মানে ছেলে ঋদ্ধর জন্য কর্তব্য পালনও করতে হয় তাকেই।

ছোটবেলায় পূজা মানেই অন্যরকম কিছু একটা মনে হতো। আজ সে অনুভূতিটা আগের মতো নেই। বললেন, “ছোটবেলার মতো পূজায় এখন আর আনন্দ পাই না। বড় হয়েছি দায়িত্ব কাঁধে চেপেছে। এখন আমার সবকিছুই ভবিষ্যৎ প্রজন্মকে ঘিরে। ভবিষ্যৎ প্রজন্মের কথাই এখন ভাবতে হয় শুধু।”

বেশ কয়েক বছর ধরেই ঈদ ও পূজা হচ্ছে কাছাকাছি সময়ে। এ কারণে কাজের চাপটাও থাকে বেশি।

“পূজার জন্য যদিও তেমন অনুষ্ঠান তৈরী হয় না”, তবে ঈদের জন্য ব্যস্ততা থাকেই। “অন্যান্যবার কুরবানী ঈদের আগে দুমাস সময় পেতাম। এবার অস্ট্রেলিয়া সফরের কারণে সময় পেয়েছি একমাস। এদিকে আবার দুই উৎসবই একেবারে কাছাকাছি সময়ে হচ্ছে। তাই টানা কাজ করতে হয়েছে।” তারপরও সব শেষ করেই সস্ত্রীক বাড়ী যাচ্ছেন চঞ্চল আর সঙ্গে আছেন তাদের ছেলে ঋদ্ধ।

সপরিবারে নৌকা ভ্রমণ

অনেকদিন পর নিজের শহর রাজশাহীতে পূজা করতে যাওয়া হলো ব্যাস্ততম তরুণ অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিমের। বললেন, “লন্ডন থেকে শুটিং শেষে ঢাকায় ফিরেই ‘পদ্ম পাতার জল’-এর শুটিং করলাম। এরপর রাজশাহীতে এসেই শুরু হয়েছে ঘোরাঘুরি। এটা চলবে দশমীর দিন পযর্ন্ত।”

দশমীর দিন দেবীর দর্শন করে সারা শহর ঘুরে। আরও পরিকল্পনা আছে পরিবারের সবার সঙ্গে পূজার দিন নৌকা ভ্রমণে যাওয়ার।

শুটিংয়ের কারণে একদমই সময় বের করতে পারেননি গেল কয়েকটা বছর। এবার তা কড়ায়-গণ্ডায় আদায় করেই ছাড়বেন! 

মিম জানালেন, প্রায় তিন বছর পর পরিবারের সবার সঙ্গে পূজা করতে এসেছেন। আর এসেই পেয়ে গেছেন মামাতো, খালাতো বোনদের। 

ঢাকায় ফিরছেন কুরবানীর ঈদের পর। ফিরেই শুরু করবেন ‘গুডমর্ণিং’ সহ অন্যান্য সিনেমার কাজগুলো।