২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটক নিয়ে হতাশ শম্পা রেজা

হাল আমলের টিভিনাটক নিয়ে বেশ হতাশ অভিনেত্রী শম্পা রেজা। ভালো চিত্রনাট্য আছে, কিন্তু পরিচালকদের তাড়াহুড়ো এবং বাজেট স্বল্পতার কারণে নাটকের মান ক্রমশই পড়ে যাচ্ছে বলে মনে করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2014, 04:37 PM

Updated : 13 Oct 2022, 12:36 PM

ফয়সাল রাজিব পরিচালিত ‘ফিল্মি বাড়ি’ ধারাবাহিকের সেটে গ্লিটজের সঙ্গে এক আলাপচারিতায় শম্পা রেজা বলেন, “এখন বেশ  কয়েকজন ভালো পরিচালক আছেন। চিত্রনাট্যও দারুণ হচ্ছে। কিন্তু পরিচালকরা একটি নাটক বানাতে গিয়ে অনেক বেশি তাড়াহুড়ো করছেন। চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যায়ন হয় না। অনেক কিছুই বাকি থেকে যাচ্ছে। নির্মাতারা আরেকটু মনযোগী হলে নাটকগুলো আরও ভালো হত।”

এখন যারা অভিনয় করছেন তাদের প্রসঙ্গে বললেন, “আমাদের সময়ে পড়াশোনা ও সংস্কৃতিচর্চা পাশাপাশি চলত। পড়াশোনার তাগিদেই সাংস্কৃতিক কমর্কাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতাম আমরা। প্রাণের তাগিদ ছিল আমাদের। হালের শিল্পীদের মধ্যে ব্যাপারটি নেই। তারা মনে করছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড মানেই আয়ের উপায়।”

টিভিনাটকের পাশাপাশি শম্পা রেজা সিনেমাতেও কাজ করছেন। তিনি সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন শাহীন সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ সিনেমাতে।

সিনেমাতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন,  “সিনেমাতে অভিনয়ের ব্যাপারে আমার তেমন কোনো আগ্রহ নেই। কিন্তু পরিচালকরা এমন করে আবদার করে। আমি আর মানা করতে পারি না।”

২০১১ সালে নাসির উদ্দিন ইউসুফের ‘গেরিলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শম্পা রেজার। এরপর মিনহাজ কিবরিয়ার ‘শতরুপে শতবার’,  সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’  সিনেমাতে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি শেষ করলেন সেলিম আল দীন ও মাসুম রেজার গবেষণাধর্মী চিত্রনাট্যের উপর নির্মিত রুহুল আমিন পরিচালিত ‘হাসন রাজা’ সিনেমার শুটিং।

শম্পা রেজা এখন ‘মায়ার খেলা’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’ নামের দুটো ধারাবাহিকে অভিনয় করছেন।

ছবি -- তানজিল আহমেদ জনি