উলভারিনকে মরতে হবে
নিরেট অ্যাডামেন্টিয়ামে তৈরি হাড় নিয়ে ক্ষুরধার পাঞ্জা নিয়ে বছরের পর বছর বেঁচে থাকা সুপারহিরো উলভারিনের জীবনাবসান হতে যাচ্ছে অবশেষে। মারভেলের অন্যতম জনপ্রিয় এই সুপারহিরো চরিত্রটির মৃত্যুকে ঘিরে চার পর্বের একটি নতুন কমিক সিরিজ বের করতে যাচ্ছে মারভেল কমিকস।
'ডেথ অফ উলভারিন' শিরোনামে চার পর্বের প্রথম কমিক ইস্যুটি বের হয়েছে শুক্রবার। পুরো সেপ্টেম্বর জুড়ে সপ্তাহের শেষে এসে মুক্তি পাবে বাকি কমিক তিনটি।
১৯৭৪ সালে মারভেল কমিকসে অন্তর্ভুক্তির পর এখন পর্যন্ত যমদূতে ডাককে বার বার এড়িয়ে গেছেন উলভারিন। বেঁচে ফিরে এসেছেন তার স্ব-নিরাময়ের ক্ষমতার বলে। কিছুদিন আগে বের হওয়া একটি কমিক ইস্যুতে নিজে নিজেই সেরে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলায় উলভারিন এখন আর দশটা সাধারণ মানুষের মতোই। আর এ ব্যপার ঘটবে তার দীর্ঘ জীবনের অবসান।
কেমন হতে পারে সেই দৃশ্যটি, যা কখনও ঘটবে বলে কল্পনাও করেন নি ‘এক্স-মেন’ ভক্তরা? যদিও তার কিছুটা আভাস দিয়েছে মারভেল। অনেকটা ক্রুশবিদ্ধ যীশুর ভঙ্গিতে এলিয়ে পড়া উলভারিনকে নিয়ে যাচ্ছে স্কেলেটন ডেথ- এমনই এক প্রচ্ছদ দেখা গেছে এবারের উলভারিন কমিক ইস্যুতে।
এ ব্যাপারে লেখক চার্লস সোউল মার্কিন দৈনিক 'ইউএসএ টুডে'কে জানিয়েছেন, "উলভারিনের মৃত্যুটি এমন একটি ঘটনা, যা স্থায়ী হতে যাচ্ছে। এটা সত্যি, অনবদ্য এই সুপারহিরোর সময় শেষ হয়ে এসেছে। তবে, কিভাবে তার মৃত্যুটা ঘটে সেটাই এখন দেখার বিষয়।"
মারভেলের প্রতিনিধিদের গলায়ও একই সুর। মারভেলের প্রধান সম্পাদক অ্যাক্সেল আলোনসো ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, "টিস্যু বক্স নিয়ে তৈরি হয়ে যান। কানাডিয়ান শতবর্ষী এই সুপারহিরোর মৃত্যুর পর কোনো কিছুই আর আগের মত থাকবে না; কেননা একজন মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা কখনোই সম্ভব নয়।"
কমিকসের সাথে মিল রেখে মারভেল এন্টারটেইনমেন্ট 'উলভারিন' কিংবা 'এক্স-মেন' সিরিজের পরবর্তী সিনেমাগুলোর কাহিনিতে পরিবর্তন আনবে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে কমিক বইয়ে উলভারিনকে মরতে হচ্ছে।
