২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেনা রিচি, অচেনা তিশা

দুই নতুন ধারাবাহিক ‘মায়ার খেলা’ এবং ‘বিজলী’-র কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ছোট পর্দার এ সময়ের দুই ব্যস্ততম অভিনেত্রী রিচি সোলায়মান এবং নুসরাত ইমরোজ তিশাকে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 06:13 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

দুটি ধারাবাহিকই প্রচারিত হবে আরটিভিতে। ‘বিজলী’ পরিচালনা করছেন সুমন আনোয়ার, ‘মায়ার খেলা’ পরিচালনা করেছেন রুলীন রহমান।

নাটক দুটির সম্প্রচার উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আরটিভি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের নাটক নিয়ে কথা বললেন দুই পরিচালক।   

একান্নবর্তী পরিবারের সদসদ্যের মতের অমিল, নানা বিষয়ে হরহামেশাই অশান্তি- বাংলাদেশি চ্যানেলে প্রচারিত ধারাবাহিকগুলোর কাহিনি প্রায় একই ধাঁচের। নির্মাতা রুলীন রহমানের ধারাবহিক ‘মায়ার খেলা’ও এর ব‍্য্যতিক্রম নয়। অবশ্য পরিচালক দাবি করলেন গল্প চেনা হলেও নাটকটির আঙ্গিক ভিন্ন। পারিবারিক সম্পর্কের টানাপড়েন নিয়ে নতুন এই রিচিকেও তিনি অন্নভাবে উপস্থাপন করছেন বলে জানালেন। 

‘মায়ার খেলা’ ধারাবাহিকে আরও অভিনয় করছেন জিতু আহসান, দিতি, ইলোরা গওহর, তানিয়া হোসাইন, শামস সুমন, মেহরিন ইসলাম নিশা, মুনিয়া, নাঈমা প্রমুখ। 

অন্যদিকে ‘বিজলী’ ধারাবাহিকে নাম ভূমিকায় তিশা হাজির হবেন সম্পূর্ন ভিন্নরূপে। তার চরিত্রটি এক মাদক সম্রাজ্ঞীর। রেললাইনের ধারে গজিয়ে ওঠা এক বস্তিতে দলবল নিয়ে ত্রাস সৃষ্টি করে বিজলী। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সেই এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।

‘বিজলী’ ধারাবাহিকের পরিচালক সুমন আনোয়ার বললেন, “এ ধারাবাহিকটি অন্য সব ধারাবাহিক থেকে আলাদা। গল্পের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি চরিত্রকে ফুটিয়ে তোলা হবে অন্যভাবে। পারিপার্শ্বিকের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্য চরিত্রগুলোও নিঁখুতভাবে তুলে ধরার চেষ্টা করেছি।”

নাটকে আরও অভিনয় করেছেন আরফান নিশো, জ্যোতিকা জ্যোতি, সাব্বির আহমেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনের প্রায় শেষদিকে হাজির হন ‘বিজলী’র তিশা। প্রথমবারের মতো গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে কেমন লাগলো তা জানতে চাইলেও ব্যস্ত তিশা গ্লিটজকে সময় দিতে পারেন নি।  

এর আগে গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিশা বলেছিলেন, ধারাবাহিকে অভিনয় করা কমিয়ে দেবেন। কিন্তু ঘটেছে উল্টোটি। সাফিউদ্দিন সাফির ‘প্রেম করে আমি মরবো’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে তিশা চুক্তিবদ্ধ হলেও সেই সিনেমার কোনো খবর নেই। পরিচালক অবশ্য ‘শাকিবের শিডিউল মিলছে না’ - এই অজুহাত দেখিয়ে এড়াতে চাইছেন। এছাড়াও তিশার স্বামী পরিচালক মোস্তফা সরফার ফারুকীর ‘ডুবোশহর’ সিনেমাটিও নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সিনেমার অন্য নায়িকা মেহজাবীন সিনেমাতে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন। ফারুকী নিজেও জানেন না কবে নাগাদ সিনেমাটির শুটিং শুরু করতে পারবেন। তিশা তাই একঘণ্টা ও ধারাবাহিকেই বেশি মনযোগী হয়ে পড়েছেন।

‘বিজলী’ ধারাবাহিকটি ৮ সেপ্টেম্বর থেকে প্রতি সোম থেকে বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে। ‘মায়ার খেলা’ ধারাবাহিকটি ১০ সেপ্টেম্বর থেকে প্রতি বুধবার থেকে শনিবার রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে। 

পুরনো খবর:

ধারাবাহিকে অভিনয় কমিয়ে দেবেন তিশা