২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট্ট তারাদের জ্বলে ওঠা

ছোটবেলায় তারকা খ্যাতি পাওয়া ভারতীয় অভিনেত্রী শোয়েতা বাসুর টাকার জন্য দেহপসারিনী হয়ে ওঠার বিষয়টি চমকে দিয়েছে সবাইকে। এমন অনেক শিশু তারকা অবশ্য আজও দ্যুতি ধরে রেখেছেন। অনেকে হয়ে উঠেছেন রূপালী পর্দার উজ্জ্বল নক্ষত্র। জেনে নেওয়া যাক সে রকমই ১১ শিল্পীর গল্প। 

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 06:34 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

আমির খান

চাচা নাসির হুসেনের বিখ্যাত সিনেমা ‘ইয়াদো কি বারাত’ দিয়ে শিশু বয়সেই আমির খানের অভিনয়জীবনের শুরু। বড় হবার পর কেতান মেহতার ‘হোলি’ সিনেমার মাধ্যমেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন কিশোর আমির। এরপর ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে যাত্রা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

 

সঞ্জয় দত্ত

তিন দশক ধরে হিন্দি সিনেমায় নিজের স্থান ধরে রাখা অভিনেতা সঞ্জয় দত্তকেও সেই ছোট্টটি থাকতেই দেখা গিয়েছিল ১৯৭২ সালের সিনেমা ‘রেশমা অউর শেরা’-তে। ১৯৮১ সালের সিনেমা ‘রকি’ দিয়ে বলিউডে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার।

হৃতিক রোশান

বড়পর্দায় ধুন্ধুমার সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করা হৃতিক রোশানের সুগঠিত শরীর দেখলে কে বলবে শৈশবে বেশ গোলগাল আদুরে চেহারার এক বালক ছিলেন তিনি। আশির দশকের জনপ্রিয় সিনেমা ‘আপকে দিওয়ানে’ এবং ‘ভাগওয়ান দাদা’য় তাকে দেখা গেছে শিশু শিল্পী হিসেবে। দুই দশক পরের ব্লকবাস্টার হিট ‘কাহো না পেয়ার হ্যায়’তে নায়ক হিসেবে অভিনয় করেই রাতারাতি তারকা বনে যান তিনি।

যুগাল হান্সরাজ

১৯৮৩ সালের সিনেমা ‘মাসুম’-এ শেখার কাপুর নাসির উদ্দিন শাহ এর ‘অবৈধ’ সন্তান হিসেবে পর্দায় নিয়ে এলেন যুগাল হান্সরাজকে। নিষ্পাপ চেহারার এই শিশু শিল্পী সবার মন জয় করে নিয়েছিল প্রথম দৃশ্যতেই। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয়ের পর ১৯৯৪ সালে নায়ক হিসেবে অভিষেক হয় ‘আ গালে লাগ যা’ সিনেমার মাধ্যমে। যদিও নায়ক হিসেবে খুব একটা নাম করতে পারেন নি তিনি। পরে নাম লেখান পরিচালনায়।

উর্মিলা মার্তন্ডকার

‘মাসুম’ সিনেমার মাধ্যমে আরও এক শিশু শিল্পী দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন। তিনি হলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা উর্মিলা মার্তন্ডকার। ‘মাসুম’ ছাড়াও ১৯৮০ সালের আরও দুটি সিনেমায় শিশুশিল্পী হিসেবে দেখা গেছে তাকে। ‘আ গালে লাগ যা’ সিনেমায় যুগাল হান্সরাজের বিপরীতেই নায়িকা হিসেবে অভিষেক হয় তার। পরে ‘রাঙ্গিলা’(১৯৯৫), ‘জুদাই’(১৯৯৭),‘ভূত’(২০০৩), ‘এক হাসিনা থি’(২০০৪)-এর মতো সিনেমার মাধ্যমে খ্যাতির শীর্ষে উঠে যান তিনি।

আফতাব শিভদাসানি

১৯৯৯ সালে ‘মাস্ত’ সিনেমার মাধ্যমে উর্মিলার বিপরীতে নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু হয় আফতাব শিভদাসানির। যদিও তার আগেই ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চালবাজ’, ‘শাহেনশাহ’র মতো সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি।

কুনাল খেমু

শিশুশিল্পী হিসেবে নব্বইয়ের দশকে দারুণ জনপ্রিয় ছিলেন কুনাল খেমু। ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘জখম’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘ভাই’ সিনেমায় তার অভিনয় নজড় কেড়েছে সবার। নায়ক হিসেবে তার প্রথম সিনেমা ‘কালইয়ুগ’।

আলিয়া ভাট

কারান জোহারের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে ক্যারিয়ার শুরু করা আলিয়া ভাট কিন্তু ছয় বছর বয়সেই প্রথম অভিনয় করেছিলেন হিন্দি সিনেমায়। বাবা মহেশ ভাটের সিনেমা ‘সাংঘার্শ’-এ প্রিতি জিনটার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

সানা সাইদ

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ আলিয়া ভাটের সহশিল্পী সানা সাইদ এর আগ পর্যন্ত পরিচিত ছিলেন ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলির চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়াও শিশুশিল্পী হিসেবে বেশ কিছু টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি।

আদিত্য নারায়ন

সংগীতশিল্পী উদিত নারায়নের ছেলে আদিত্য নারায়ন তার অভিনয় আর গানের গলার জন্য পরিচিতি পেয়েছিলেন ছোটবেলাতেই। নব্বইয়ের দশকে ‘পারদেস’, ‘যাব পেয়ার কিসি সে হোতা হ্যায়’-এর মতো সিনেমায় প্রশংসিত হয়েছিল তার উপস্থিতি। সুভাষ ঘাইয়ের ‘তাল’ সিনেমায় ‘কাহি আগ লাগে’ গানটি তিনি গেয়েছিলেন আশা ভোসলের সঙ্গে। ২০০৯ সালের সিনেমা ‘শাপিত’ দিয়ে বলিউডে ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন তিনি। সিনেমা ফ্লপ হওয়ায় পরে সংগীত বিষয়ক রিয়ালিটি শোতে উপস্থাপক হিসেবেই দেখা গেছে তাকে।