সেলুলয়েডের বন্ধু
বেটি-ভেরোনিকা, আর্চি-জাগহেড কিংবা জয়-ভিরু অথবা সন্দীপ-নিখিলেশ চিরদিনের বন্ধু। হলিউড, বলিউড এবং ঢাকাই সিনেমার পর্দায় বন্ধুত্ব নিয়ে প্রচুর সিনেমা নির্মিত হয়েছে। সেলুলয়েডের এই বন্ধুরা যুগে যুগে বন্ধুত্ব নিয়ে ভাবতে শিখিয়েছে।
বন্ধুত্ব নিয়ে নির্মিত বাংলাদেশি সিনেমার কথা বলতে গেলে প্রথমেই মনে পড়বে ‘দোস্ত-দুশমন’-এর কথা। ক্ল্যাসিক ওয়েস্টার্ন সিনেমা ‘বুচ ক্যাসিডি অ্যান্ড স্যানড্যান্স কিড’ - আইনের চোখে অপরাধী দুই বন্ধুর গল্প। পল নিউম্যান ও রবার্ট রেডফোর্ড অভিনীত অনবদ্য বন্ধুত্বের সিনেমাটির হিন্দি সংস্করণ ‘শোলে’। সেখানে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র অভিনয় করেন জয় ও ভিরুর চরিত্রে। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ’শোলে’কে বলা হয় সর্বকালের অন্যতম সেরা হিন্দি সিনেমা। সিনেমাটির ঢাকাই সংস্করণ ‘দোস্ত-দুশমন’। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পরিচালক ছিলেন দেওয়ান নজরুল ইসলাম। এখানে ওয়াসিম ও সোহেল রানা ছিলেন দুই বন্ধুর ভূমিকায়। অসাধারণ অভিনয় করেন দুজনেই। ছবিটি তুমুল ব্যবসা করেছিল।
‘একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে এক সাথে, সে হলো, বন্ধু…বন্ধু আমার’ - গানটি আজও সিনেমাপ্রেমীদের হৃদয়ে ঝংকার তোলে। আশির দশকের শেষ দিকে মুক্তি পাওয়া ‘বন্ধু আমার’ নামের এই সিনেমায় অভিনয় করেছিলেন জাফর ইকবাল, ফারুক, রোজিনা এবং সুনেত্রা। জাফর ইকবাল ও দৃষ্টিহীন ফারুকের বন্ধুত্বকে ফুটিয়ে তোলা দৃশ্যগুলো ছিল সিনেমাটির মূল সম্পদ। একই সময়ে মুক্তি পাওয়া আরেকটি সিনেমা ‘ভাই-বন্ধু’। দারাশিকো পরিচালিত সিনেমাটিতে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন জাফর ইকবাল ও ইলিয়াস কাঞ্চন। এ ছবির ‘ভেঙেছে পিঞ্জর’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। সিনেমাটিও ব্যবসাসফল হয়েছিল।
সত্য সাহা পরিচালিত ‘রাম রহিম জন’ তিন ধর্মের তিন মানুষের বন্ধুত্ব নিয়ে চমৎকার সিনেমা। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেছিলেন ইমন সাহা, রাজ্জাক ও তারেক হাসান। হিন্দু, মুসলিম ও খ্রিস্টান তিন অসম বয়সী মানুষের অকৃত্রিম বন্ধুত্বের গল্প ছিল এটি। সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবাদর্শও তুলে ধরা হয়েছিল সিনেমাটি। ‘রাম রহিম জন, তিনটি মানুষ তিনটি দেহ একই তাদের মন’ গানটিও জনপ্রিয়তা পেয়েছিল।
‘দোস্তি’ ‘ওস্তাদ সাগরেদ’,‘লালুভুলু’, ‘বাদশাহ’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘দীপু নাম্বার টু’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘আবার তোরা মানুষ হ’. ‘ওরা এগারো জন’, ‘আমি সে ও সখা’, ‘ঘরে বাইরে’ ,‘গৃহদাহ’, ‘দুই জীবন’- সিনেমায় বন্ধুত্ব এসেছে নানা আঙ্গিকে।
হলিউডে বন্ধুত্বের গল্পভিত্তিক সিনেমার কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে ‘ফ্রি উইলি’র কথা। এক কিশোর ও তিমি মাছের বন্ধুত্বের অসাধারণ বয়ান ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ছবি ‘ফ্রি উইলি’।
‘টার্নার অ্যান্ড হুচ’ আরেকটি বন্ধুত্বের সিনেমা। যেখানে মানুষ টার্নার এবং ম্যাস্টিফ কুকুর হুচ সেরা বন্ধু। একই ভাবে ‘মার্লি অ্যান্ড মি’ সিনেমায় মানুষ ও একটি ল্যাব্রাডর কুকুরের অনবদ্য বন্ধুত্বকে তুলে ধরা হয়েছে।
এক ভিনগ্রহবাসী আর একদল শিশু-কিশোরের বন্ধুত্বের গল্প ‘ই.টি’। ১৯৮২ সালের এ ছবিতে দেখা যায় বন্ধু হওয়ার জন্য বয়স, চেহারা কোনো কিছুরই মিলের প্রয়োজন নেই।
বন্ধুত্ব মানে বিশ্বাস আর নির্ভরতা। শার্লক হোমস আর ড. ওয়াটসনের বন্ধুত্ব, ‘স্টার ট্রেক’ সিরিজে ক্যাপ্টেন কুক আর মিস্টার স্পার্করূপী উইলিয়াম শাটনার ও লিওনার্ড নিময়, ‘পারসুয়েডারস’- এ রজার মুর ও টনি কার্টিস, 'হ্যারি পটার’ সিরিজে হ্যারি, রড এবং হারমিওনির বন্ধুত্ব সে কথাই তুলে ধরে।
১৯৮৮ সালে মুক্তিপাওয়া সুপারহিট সিনেমা ‘বিচেস’, সিসি ও হিলারি-দুই বান্ধবীর গল্প। ১৯৫৩ সালে মুক্তি পাওয়া ‘জেন্টলমেন প্রেফার ব্লন্ডস’ সিনেমায় দুই নারীর বন্ধুত্ব গল্প পরিণত হয় ক্ল্যাসিকে।
‘ওয়াকিং অ্যান্ড টকিং’(১৯৯৬) লরা আর অ্যামেলিয়া নামে দুই বান্ধবীর গল্প। এতে সেই চিরন্তন সমস্যা তুলে ধরা হয়েছে। প্রেমিকের সঙ্গে লরা সময় কাটানোয় অবহেলিত বোধ করে অ্যামেলিয়া।
‘দ্য আন টাচেবলস’(১৯৮৭), ‘বিল অ্যান্ড টেড’স এক্সলেন্ট অ্যাডভেঞ্চার’(১৯৮৯), ‘দ্য ইনক্রেডিবলস’, ‘ইনসেপশন’(২০১০), ‘গ্র্যান টরিনো’(২০০৮), ‘ট্রিমোরস’(১৯৯০), ‘ফেরিস বুয়েলারস ডে অফ’(১৯৮৬), ‘ডেড হিট’(১৯৮৮), ‘ওয়াচমেন’(২০০৯), ‘সাইড ওয়েজ’(২০০৪), ‘হেভেনলি ক্রিয়েচারস’(১৯৯৪), ‘ওয়েইন’স ওয়ার্ল্ড’(১৯৯২),‘সুপার ব্যাড’(২০০৭), ‘সুইংগারস’(১৯৯৬), ‘ব্যাড সান্তা’(২০০৩) ‘পাল্প ফিকশন’(১৯৯৪), ‘ক্লার্কস’(১৯৯৪), ‘স্ট্যান্ড বাই মি’(১৯৮৬) বন্ধুত্বের সিনেমা।
‘টয় স্টোরি’কেও বন্ধুত্বের সিনেমা বলা চলে অনায়াসে। অ্যান্ডি এবং তার খেলনাদের মধ্যে বন্ধুত্ব, এমনকি প্রতিযোগিতা ও সৌহার্দ্যের অনুভূতিকে তুলে ধরা হয়েছে।
হিন্দি সিনেমায় সত্তর ও আশির দশকে বেশ কিছু বন্ধুত্বনির্ভর সিনেমা নির্মিত হয়েছে। অমিতাভ-শশী কাপুর, অমিতাভ বিনোদ খান্না, জ্যাকি শ্রফ-অনিল কাপুর বন্ধুর ভূমিকায় অনেক ছবিতে অভিনয় করেছেন।
'শোলে' যেমন অমিতাভ-ধর্মেন্দ্র অভিনীত অমর বন্ধুত্বের গল্প তেমনি অমিতাভ বচ্চন-আমজাদ খান অভিনীত ‘ইয়ারানা’ ছবিটিও বন্ধুত্ব নিয়ে নির্মিত ক্ল্যাসিক সিনেমা। রাজেশ খান্না-অমিতাভ অভিনীত ‘আনন্দ’ সিনেমাটিও মন ছুঁয়ে যাওয়া বন্ধুত্বের বয়ান।
কারখানার মালিকের ছেলে অমিতাভ এবং তার মধ্যবিত্ত ও পরে শ্রমিক নেতা বন্ধু রাজেশ খান্নার গল্প বলে ‘নিমক হারাম’। অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহার বন্ধুত্বের ছবি ‘দোস্তানা’, ‘নাসিব’। অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহা অভিনীত আরেকটি বন্ধুত্বের গল্প নিয়ে ছবি ‘ইয়ার মেরি জিন্দেগি’। অমিতাভ ও শশী কাপুরের বন্ধুত্ব একসময় পর্দায় বেশ জনপ্রিয়তা পায়। এই জুটির ‘ইমান ধরম’, ‘নমক হালাল’, ‘সুহাগ’, ‘দো আউর দো পাঁচ’ ব্যবসা সফল হয়। অমিতাভ-বিনোদ খান্নার পর্দা বন্ধুত্বও সত্তর এবং আশির দশকে অনেক হিট হিন্দি সিনেমার কাহিনীর মূল ভিত্তি হয়েছে। ‘হেরা ফেরি’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘মুকাদ্দার কা সিকান্দার’ ইত্যাদি সিনেমায় এই জুটির বন্ধুত্ব দেখা গেছে। সঞ্জয় দত্ত ও আদিত্য পাঞ্চালি অভিনীত ‘আতিশ’, অক্ষয় কুমার ও সাইফ আলি খান অভিনীত ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ও বন্ধুত্বকে তুলে ধরে।
‘জাঞ্জির’ সিনেমায় গুণ্ডা প্রাণ ও পুলিশ অফিসার অমিতাভের বন্ধুত্বও অসাধারণ। পর্দায় প্রাণের মুখে সেই গান ‘ইয়ারি হ্যায় ঈমান’ খুবই জনপ্রিয় হয়। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘ডন’ সিনেমাতে অমিতাভ-প্রাণ জুটির বন্ধুত্ব দর্শকদের মন জয় করে। ‘খুদা গাওয়া’ সিনেমায় বন্ধুত্বের মর্যাদা রাখার জন্য কাবুলি বাদশাহ খানের বলিদান দর্শকের চোখ ভিজিয়ে দেয়। অন্যদিকে ‘ভূতনাথ’ সিনেমায় ভূতরূপী অমিতাভের সঙ্গে শিশুর বন্ধুত্বও দারুণ।
‘থ্রি ইডিয়টস’ আধুনিক ক্ল্যাসিক ছবি। এখানে আমির খান, মাধবান এবং শারমান যোশি তিন বন্ধুর ভূমিকায় দারুণ অভিনয় করেছেন। ‘রং দে বাসন্তি’ বন্ধুদের মধ্যে টানাপোড়েন ও রাজনৈতিক অঙ্গীকারের গল্প। বিশেষ করে শেষ দৃশ্যে বন্ধুর মৃত্যুতে নিজেদের জীবনের অর্থ খুঁজে পাওয়া অন্য বন্ধুদের আত্মত্যাগ ছিল অসাধারণ।
যোয়া আখতার পরিচালিত ২০১১ সালের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ফারহান আখতার, অভয় দেওল ও হৃত্বিক রোশান অভিনীত তিন বন্ধুর গল্প। ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ ছবিটিও ছিল তিন বন্ধুর জীবনের গল্প। আমির খান, অক্ষয় খান্না, সাইফ আলি খান অভিনীত ছবিটি হিন্দি সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া ছবি। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জানে তু ইয়া জানে না’ ছবিটি প্রেম ও বন্ধুত্বের গল্প।
তবে প্রেম, বন্ধুত্ব এবং এর পার্থক্য নিয়ে নির্মিত ছবিগুলোর মধ্যে অন্যতম সেরা হলো ‘কুচ কুচ হোতা হ্যায়’ এবং ‘দিল তো পাগল হ্যায়’। কারান জোহার পরিচালিত ‘কুচ কুচ হোতা হ্যায়’ তে রাহুল(শাহরুখ) ও অঞ্জলির(কাজলের) বন্ধুত্ব ও প্রেম বলিউডি সিনেমায় নতুন ধারার জন্ম দেয়। একইভাবে ইয়াশ চোপড়ার ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায় শাহরুখ-কারিশমা এবং মাধুরি-অক্ষয় কুমারের সম্পর্ক প্রেমের নয়, বন্ধুত্বের।
দুই প্রতিদ্বন্দ্বীর বন্ধু হয়ে ওঠার ছবি ‘আন্দাজ আপনা আপনা’তে অমর ও প্রেম রূপী আমির খান ও সালমান খানের বন্ধুত্ব ও পর্দা রসায়ন দর্শকদের মন জয় করে নেয়। 'বিল্লু' সিনেমায় চিত্রনায়ক শাকির খান(শাহরুখ) এবং গ্রামের গরীব নাপিত বিল্লুর(ইরফান খান) বন্ধুত্ব ও ত্যাগের মহিমা তুলে ধরা হয়েছে।
‘ইশক’ সিনেমাতেও গরীব আমির খান ও ধনী অজয় দেবগন এবং ধনী জুহি চাওলা ও গরীব কাজলের মধ্যে বন্ধুত্ব ও প্রেম সিনেমার মূল ঘটনা।
‘কোই মিল গ্যায়া’ সিনেমায় ভিনগ্রহবাসী ‘জাদু’র সঙ্গে বুদ্ধি প্রতিবন্ধী হৃতিক এবং একদল শিশুর বন্ধুত্ব তুলে ধরা হয়েছে। ‘বাস্তব’ ছবিতে সমাজ বিরোধী ও অপরাধী সঞ্জয় দত্ত এবং তার ছোটবেলার বন্ধু পুলিশ অফিসার দিপাক তেজোরির সম্পর্কের টানাপড়েন তুলে ধরা হয়েছে।
বলিউডে বন্ধুত্বের ছবির মধ্যে অন্যতম সেরা হলো ‘বেমিসাল’। ১৯৮২ সালের ছবি এটি। পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি। বন্ধুত্বের জন্য হাসিমুখে আত্মত্যাগের গল্প ‘বেমিসাল’। দুই বন্ধু ও চিকিৎসক প্রশান্ত( বিনোদ মেহরা) এবং সুধীর(অমিতাভ বচ্চন)।তাদের বন্ধুত্ব, পরস্পরের জন্য আত্মত্যাগ সিনেমার মূল কাহিনী। কলকাতার বাংলা সিনেমা ‘আমি সে ও সখা’র বলিউডি রিমেইক ‘বেমিসাল’। বাংলা সিনেমাটিতে সুধীর চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার।
