তিন দশক পেরিয়ে মহাকাল নাট্য সম্প্রদায়
মহাকাল নাট্য সম্প্রদায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিকাল চারটা থেকে মিলনমেলা, আলোচনা সভার আয়োজন করেছে দলটি।
এছাড়াও থাকছে ‘শিখণ্ডী কথা’ নাটকের বিশেষ প্রদর্শনী।
দলের অন্যতম সদস্য মীর জাহিদ হাসান গ্লিটজকে বলেন, “মহাকাল নাট্য সম্প্রদায় শুধু একটি নাটকের দলই নয়, দলটি সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গেও জড়িত। নাটকের মাধ্যমে আমরা জীবনবোধের গল্প বলি, সমাজের কথা বলি। শুধু বিনোদনই নয়, আমরা নাটকের মাধ্যমে দর্শককে সমাজ, সংস্কৃতি, রাজনীতি তথা দেশ নিয়েও সচেতন করে তুলতে চাই।”
১৯৮৩ সালের ১৪ জুলাই যাত্রা শুরু করে মহাকাল নাট্যসম্প্রদায়। দলটির প্রথম নাটক ‘ এ লাশ রাখবো কোথায়’ মঞ্চস্থ হয় ১৯৮৩ সালের সালের ২০ অগাস্ট। নাটকটি রচনা করেছিলেন রানা নাসের ও নির্দেশনা দিয়েছিলেন আব্দুল গণি খোকন। এরপর তারা আরও ৩২টি নাটকের ৮৬৭ টি প্রদর্শনী করেছে।
মহাকালের সর্বাধিক প্রদর্শিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুনাই কইন্যার পালা’, ‘ঘুমনেই’, ‘শিখণ্ডী কথা’, ‘নিশিমন- বিসর্জন’, ‘অহম তমসায়’, ‘বোধ, ‘বায়ান্নর শকুন’।
মহাকালের চলতি প্রযোজনাগুলো হল ‘শিখণ্ডী কথা’, ‘ঘুমনেই’, ‘নিশিমন-বিসর্জন’, ‘প্রমিথিউস’, ‘প্রজন্ম ১৩’।
এ মুহূর্তে মহড়া চলছে ‘ঊষা উৎসব’ নাটকটির। সেলিম আল দীন রচিত নাটকটি নির্দেশনা দিচ্ছেন বিভাষ বিষ্ণু।
শুধু নাটক মঞ্চায়নেই থেমে নেই মহাকাল। বিভিন্ন সময়ে ৮টি বড় নাট্যোৎসবের আয়োজন করেছে তারা। এগুলোর মধ্যে সবচেয়ে বড় আয়োজনটি ছিল ২০১৩ সালে। মহাকাল নাট্য সম্প্রদায় সে বছর সেপ্টেম্বরে আয়োজন করে ‘বিশ্বনাটকের যূথ উৎসব’। ১৩ দিনব্যাপী নাট্যোৎসবে দেশি-বিদেশী নাট্যদলের ৩৯টি নাটক প্রদর্শিত হয়।
