২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মায়ের বিরুদ্ধে মানহানির মামলা 

অভিনেত্রী জিয়া খানের মায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন আদিত্য পাঞ্চোলি। ক্ষতিপূরণ বাবদ তারা দাবী করেছেন ১০০ কোটি রুপি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 01:58 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

এক বছর ধরে থাকার পর অবশেষে জিয়ার ‘আত্মহত্যা’ মামলার তদন্তের ভার সিবিআইকে (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) বুঝিয়ে দিয়েছে মুম্বাই পুলিশ। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা, তা এখন তদন্ত করবে দেশের কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা।   

এদিকে জিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণে তার মৃত্যুর পর সবার নজর ছিল সুরাজ পাঞ্চোলির দিকে। জিয়ার আত্মহত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২৩ দিন কারাগারে কাটাতে হয়েছে জিয়ার এই সাবেক প্রেমিককে।

আর তাই মুম্বাই হাইকোর্টে জিয়ার মা রাবিয়া খানের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছে পাঞ্চোলি পরিবার।

৪ জুলাই রাবিয়া খানকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ৯ জুলাই হবে এই মামলার প্রথম শুনানি।

রাবিয়ার আইনজীবী দিনেশ তিওয়ারি জানান, এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন নোটিস পাননি তারা। 

মানহানির মামলায় পাঞ্চোলি পরিবার অভিযোগ করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একাধিকবার তাদের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছেন রাবিয়া। তার পোস্ট এবং টুইটে পাঞ্চোলি পরিবারকে হেয় করা হয়েছে।

অভিযোগের সঙ্গে রাবিয়ার লেখা ১৮টি টুইট সংযুক্ত করেছেন তারা যেগুলো পোস্ট করা হয়েছে ৪ মার্চ থেকে ১ মে পর্যন্ত সময়ে।

তাদের দাবী, এই পোস্টগুলোতে আদিত্য পাঞ্চোলি, তার স্ত্রী জারিনা এবং মেয়ে সানাকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন রাবিয়া।

অভিযোগে আরও বলা হয়, প্রায় ৩০ বছর ধরে চলচ্চিত্রে করছেন আদিত্য এবং জারিনা দম্পতি। এই দীর্ঘ সময়ে নিজেদের কাজের মাধ্যমে তারা যেই সম্মান অর্জন করেছেন, রাবিয়ার মন্তব্যে তার উপর নেতিবাচক প্রভাব পড়েছে।

মামলায় পাঞ্চোলি পরিবারের সম্মানহানি বাবদ ৫০ কোটি রুপি, ব্যবসায়িক সুনামহানি বাবদ ২৫ কোটি রুপি এবং হয়রানি বাবদ ২৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবী করা হয়েছে।

মানহানির মামলা করার আগে রাবিয়াকে আইনি নোটিস পাঠিয়েছিলেন আদিত্য, কিন্তু বিষয়টি গুরুত্ব দেননি রাবিয়া, বরং পাঞ্চোলি পরিবারের বিরুদ্ধে পাল্টা নোটিস পাঠান তিনি।

রাবিয়া অভিযোগ ছিল, তাদের ছেলে সুরাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যাতে না নেওয়া হয় সেজন্যই এ ধরনের পদক্ষেপ নিচ্ছে পাঞ্চোলি পরিবার।

২০১৩ সালের ৩ জুন মুম্বাইয়ের জুহু এলাকায় নিজ অ্যাপার্টমেন্টে পাওয়া যায় অভিনেত্রী জিয়া খানের ঝুলন্ত লাশ।