২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেটিং এ টাইগারের গর্জন

জনপ্রিয়তায় রানবির কাপুরকেও পেছনে ফেলে দিয়েছেন বলিউডের নতুন মুখ টাইগার শ্রফ। টাইমস সেলেবেক্স রেটিং এ গত মাসে ২৫তম স্থানে থাকা জুনিয়র শ্রফ মে মাসে উঠে এসেছেন তৃতীয় স্থানে। ‘কিক’ আর ‘হ্যাপি নিউ ইয়ার’ নিয়ে আলোচনার সুবাদে ১ম ও ২য় স্থান দখল করে নিয়েছেন সালমান খান ও শাহরুখ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 04:03 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

বলিউড তারকাদের মাসিক রেটিং ইনডেক্স ‘টাইমস সেলেবেক্স’ চালু হয় ২০১২ সালের সেপ্টেম্বর থেকে। বলিউড তারকাদের বক্স অফিস পারফরমেন্স, পত্রিকা, টিভি ও অনলাইন সংবাদে শিরোনোমে থাকা, ব্র্যান্ড মূল্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা ইত্যাদি পরিমাপ করে রেটিংটি করা হয়।

৬০টিরও বেশি প্রকাশনা এবং আড়াইশ’রও বেশি টেলিভিশন চ্যানেল থেকে তথ্য নিয়ে এই র‌্যাঙ্কিং করা হয়। আর এ ধরনের র‌্যাঙ্কিংব্যবস্থা হিন্দি সিনেমার ইতিহাসে এটাই প্রথম।

মে মাসের র‌্যাঙ্কিংয়ে সালমান প্রথম স্থান ফিরে পেয়েছেন। আর এর পেছনে রয়েছে তার নতুন সিনেমা ‘কিক’ নিয়ে উন্মাদনা। এছাড়া আলোচনায় আছে তার নির্মিতব্য সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’ ও ‘নো এন্ট্রি মে এন্ট্রি’, ‘ফাগলি’ সিনেমায় তার গান এবং নয়টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকা।

এপ্রিলের র‌্যাঙ্কিংয়ে ১ম এবং ২য় স্থানে থাকা অমিতাভ বচ্চন এবং অর্জুন কাপুর নেমে গেছেন যথাক্রমে ৬ষ্ঠ এবং ১৯তম স্থানে। অন্যদিকে আগের মাসে ৪র্থ স্থান দখলকারী শাহরুখ উঠে এসেছেন ২য় স্থানে।

মে মাসের র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে চমক দেখিয়েছেন জ্যাকি শ্রফ তনয় টাইগার শ্রফ। তার ‘হিরোপান্তি’ সিনেমার সাফল্য তাকে ২৫তম স্থান থেকে ৩য় স্থানে তুলে দিয়েছে।

অন্যদিকে, বলিউড অভিনেত্রীদের মধ্যে ১ম স্থানে আছেন দিপিকা পাড়ুকোন (আগের মাসে ২য়), ২য় স্থানে ক্যাটরিনা কাইফ (আগের মাসে ৩য়) এবং ৩য় স্থানটি আছে প্রিয়াংকা চোপড়ার (আগের মাসে ৯ম) দখলে। এপ্রিলের র‌্যাঙ্কিংয়ে ১ম স্থানে থাকা আলিয়া ভাট মে মাসে নেমে গেছেন ৬ষ্ঠ স্থানে।