২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিলবার্গের নতুন দুই সিনেমা

মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের উপর নির্মিত সিনেমা 'লিঙ্কন'-এর সাফল্যের পর পরিচালক স্টিভেন স্পিলবার্গ পর্দায় নিয়ে আসছেন নতুন দুটি সিনেমা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 05:03 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

২০১৫ এবং ২০১৬ তে স্পিলবার্গের নতুন দুটি সিনেমা মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে ড্রিমওয়ার্কস ফিল্ম স্টুডিও ও ওয়াল্ট ডিজনি। 

শিরোনাম ঠিক না হলেও 'কোল্ড ওয়ার স্পাই থ্রিলার' ঘরানার নতুন সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের ১৬ অক্টোবর। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মীত এই সিনেমায় তুলে ধরা হবে মার্কিন আইনজীবী এবং সামরিক কর্মকর্তা জেমস ডনোভানের কাহিনি।

১৯৬১ সালে আমেরিকা এবং কিউবার মধ্যে ‘বে অফ পিগজ ইনভেশন’ যুদ্ধের সময় কিউবাতে আটকে পড়া মার্কিন গুপ্তচর বিমানের পাইলট গ্যারি পাওয়ার্সের উদ্ধার অভিযান নিয়ে তৈরি হবে সিনেমাটি। পাওয়ার্সকে ছাড়িয়ে আনার এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডনোভান, যা তাকে পরবর্তীতে মার্কিন জাতীয় বীরে পরিণত করে।

সিনেমাটির মূল চিত্রনাট্যটি ম্যাট চারম্যানের লেখা হলেও নতুন করে চিত্রনাট্যটি লিখেছেন হলিউডের দুই বিখ্যাত পরিচালক-ভাই, জোয়েল কোয়েন এবং ইথান কোয়েন।

এই সিনেমার মাধ্যমে পর্দায় পরিচালক-অভিনেতা হিসেবে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন স্পিলবার্গ এবং টম হ্যাঙ্কস। এর আগে স্পিলবার্গের পরিচালনায় দুটি ছবিতে অভিনয় করেছেন হ্যাঙ্কস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত 'সেভিং প্রাইভেট রায়ান'-এ একজন মার্কিন সৈনিকের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সিনেমাটিকে হ্যাঙ্কসের  ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবে ধরা হয়। 

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার মাধ্যমে চতুর্থবারের মতো অস্কার মনোনয়ন পান হ্যাঙ্কস। এর আগে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছিলেন 'ফরেস্ট গাম্প' এবং 'ফিলাডেলফিয়া' সিনেমার জন্য।  

২০০২ সালে স্পিলবার্গ এফবিআই কর্মকর্তা ফ্র্যাঙ্ক উইলিয়াম এবেগনেলের জীবনীর উপর ভিত্তি করে বানান 'ক্যাচ মি ইফ ইউ ক্যান'। সিনেমাটিয় এফবিআই কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন ৫৭ বছর বয়সী হ্যাঙ্কস।

স্পিলবার্গের নতুন আরেকটি সিনেমা নির্মিত হচ্ছে ব্রিটিশ লেখক রোয়াল ডালের উপন্যাসের উপর নির্ভর করে। 'দ্য বিএফজি' শিরোনামের এই সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ এর জুলাই এর ১ তারিখে। ফ্যান্টাসি নির্ভর সিনেমাটির গল্প এগোবে এক সাধারণ ঘরের মেয়ের সঙ্গে এক দানবের দেখা হয়ে যাওয়ার ঘটনা নিয়ে।  

৬৭ বছর বয়সী স্পিলবার্গ তার ক্যারিয়ারে পরিচালনা করেছেন ৫০টিরও বেশি সিনেমা। অস্কারে বিশেষ সম্মাননাসহ 'শিন্ডলার'স লিস্ট' এবং 'সেভিং প্রাইভেট রায়ান' সিনেমা দুটিতে জিতে নিয়েছেন সেরা পরিচালকের অস্কার। এছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কারের মনোনয়ন।