‘আইটেম গান নয়’
সব নায়িকারা যখন বড় বাজেটের সিনেমার মত আইটেম গানকেও গুরুত্ব দিচ্ছেন আলাদাভাবে, তখন বিদ্যা বালান কণ্ঠে শোনা গেল উল্টো সুর। বিদ্যা বলছেন, আইটেম গানে আর কখনও নাচবেন না।
সম্প্রতি একটি ব্লগের উদ্বোধন করেছেন বিদ্যা, যার নাম - ‘ববি কো সাব মালুম হ্যায়’। তার নতুন সিনেমা ‘ববি জাসুস’-এর প্রচারণার খাতিরেই চালু হয়েছে এই ব্লগ যেখানে একজন গোয়েন্দার ভূমিকায় অভিনয় দেখা যাবে বিদ্যাকে।
দীর্ঘ ক্যারিয়ারে মাত্র একটি আইটেম গানে নেচেছেন বিদ্যা। ২০১২ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ফেরারি কি সাওয়ারি’ ছিল গানটি।
সাম্প্রতিক সময়ে বলিউডের প্রথম সারির সব নায়িকারাই কম বেশি আইটেম গানে নাচছেন।
এই স্রোতে বিদ্যাও গা ভাসাবেন কী না, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, “না, আমি কোন আইটেম গানে কাজ করব না কারণ আমি কাজটি উপভোগ করি না। আমাকে আপাতত কোন আইটেম গানে আপনারা দেখতে পাবেন না।”
সাম্প্রতিক সময়ে নারীকেন্দ্রিক সিনেমাতেই বেশি দেখা গেছে তাকে। ৪ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা ‘ববি জাসুস’-ও একই তালিকায় নাম লেখাবে।
কমেডি ধাঁচের সিনেমা ‘ববি জাসুস’-এ আরও অভিনয় করেছেন আলি আফজাল। এটি পরিচালনা করেছেন সামার শেইখ, প্রযোজনা করেছে অভিনেত্রী দিয়া মির্জার প্রযোজনা সংস্থা ‘বর্ণ ফ্রি এন্টারটেইনমেন্ট’।
