২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্জেন্টিনাই জিতবে’

অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রিয় দল আর্জেন্টিনা। ঈদ মৌসুমে ‘কাজের প্রচণ্ড চাপ’ থাকলেও প্রিয় দলের খেলা দেখতে রাত জাগবেন বলে গ্লিটজকে জানিয়েছেন তিনি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 03:32 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

নিজেকে দাবি করলেন ম্যারাডোনার ‘বিরাট ভক্ত’ হিসেবে আর বললেন, “ছোটবেলা থেকে শুধু একজনকেই ফলো করেছি। তিনি ম্যারাডোনা। ফুটবলের বাইরে তার স্টাইল আমার খুব ভালো লাগত। শুধু তার কারণেই আমি আর্জেন্টিনার সাপোর্টার।”

পাবনার সুজানগর উপজেলার কামারহাটের উদয়পুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র চঞ্চল একসময় ফুটবল মাঠে দাঁপিয়ে বেড়াতেন। ডিফেন্সে খেললেও মাঝেমধ্যে উইঙ্গার হিসেবেও দেখা যেত তাকে।

স্কুলবেলার কথা স্মরণ করে চঞ্চল জানান, তিনি নিয়মিতই স্কুল লিগে খেলতেন। ইউনিয়নভিত্তিক বিভিন্ন দলের ‘আমন্ত্রণ’ও পেতেন মাঝেমধ্যে। তবে তার স্মরণীয় লীগ ছিল নাজিরপুর ইউনিয়ন লীগ। লীগের বেশকটি ম্যাচে উইং পজিশনে খেলে কটি গোলও দিয়েছিলেন তিনি।

চঞ্চল বলেন, “নাজিরপুর ইউনিয়ন লীগটি বেশ কঠিন ছিল। প্রতিপক্ষ দলগুলোতে বাঘা বাঘা সব খেলোয়াড় ছিল। ওদের টক্কর দেওয়া বেশ কঠিন ছিল।”

‘ফুটবলপাগল’ চঞ্চল খেলার খবর পেলেই ছুটে যেতেন মাঠে। বন্ধুদের নিয়ে মেতে উঠতেন খেলায়। অবশ্য সে খবর কীভাবে যেন পেয়ে যেতেন চঞ্চলের মা। বাড়ি ফিরলেই চঞ্চল দেখতেন লাঠি হাতে মা দাঁড়িয়ে। মার হাতে উত্তম-মধ্যমের পরই ঘরে ঢোকার অনুমতি মিলত।

ছোটবেলার সেই ‘দস্যিপনা’র কথা মনে করে হেসে উঠেন চঞ্চল।

সময় পাল্টেছে। শুটিংয়ের ব্যস্ততায় চঞ্চল ফুটবলের আপডেট রাখতে পারেন না। কিন্তু বিশ্বকাপ মানে তার কাছে ‘অন্যকিছু’। এবার স্বপ্ন বুনছেন, মেসি-হিগুইয়েন-আগুয়ারোদের আর্জেন্টিনা এবার বিশ্বকাপ ঘরে তুলবে। স্বপ্নের নায়ক ম্যারাডোনা সেই বিশ্বকাপ ছুঁয়ে কাঁদবেন।

সারাদিন শুটিংয়ের পর গভীর রাতে খেলা দেখবেন কীভাবে-- এমন প্রশ্নের জবাবে চঞ্চল বলেন, “আমি শিডিউল ম্যানেজ করে ফেলব। খেলা দেখবই।”

চঞ্চল জানান, তার খেলা দেখার নানা পরিকল্পনা নিয়ে ভীষণ বিরক্ত তার ‘ক্রিকেটপাগল’ স্ত্রী। এখন স্ত্রীকে ম্যানেজ করা নিয়ে তার যত দুশ্চিন্তা।