ধর্ষণের দায়ে অভিযুক্ত হলিউড অভিনেতা
অপহরণের পর ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ‘জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা ক্যামেরন থর।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল বলছে, প্রায় এক বছরের বেশি সময় ধরে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ করা হয়েছে থরের বিরুদ্ধে।
৬ জুন ২৬ লাখ ডলারের বিনিময়ে জামিনে মুক্ত হয়েছেন থর। তার বিরুদ্ধে রয়েছে অপহরণ এবং ধর্ষণসহ ১১টি অভিযোগ।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ৩ জুন ক্যালিফোর্নিয়ার আগোরা হিলসে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন থর। পরের দিন তার মামলা ওঠে জেলা এটর্নি আদালতে।
পুলিশ জানায়, ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত এক কিশোরিকে অপহরণ করে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “ধর্ষিতার বক্তব্য অনুযায়ী, থরের কাছে অভিনয় শেখার ক্লাস করতেন তিনি। আর ওখান থেকেই তার সঙ্গে থরের পরিচয়।”
ওখানে আরও বলা হয়, একদিন থর তাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। অভিযোগকারীর দাবি, ধর্ষণের সময় তার বয়স ছিল ১৩ বছর।
ডেইলি মেইল বলছে, থরের উইকিপিডিয়া পেইজের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ২০ বছর ধরে অভিনয়ের শিক্ষক হিসেবে কাজ করছেন তিনি। অভিনয় শিখিয়েছেন সিলভেস্টার স্ট্যালন, হেলেন হান্ট এবং ক্যামেরন ডিয়াজের মতো শিল্পীদের।
ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও হলিউডি সিনেমায় নিয়মিত থর। ‘জুরাসিক পার্ক’ ছাড়াও অভিনয় করেছেন ‘এ ফিউ গুড মেন’, ‘পিটার প্যান’-এ।
এছাড়া পরিচালনাও করেছেন তিনি। ২০০০ সালে মুক্তি পায় তার সিনেমা ‘আফটার সেক্স’। এতে অভিনয় করেছিলেন ব্রুক শিলডস।
