২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“নতুনদের সঙ্গে প্রতিযোগিতায় নামিনি”

হিন্দি সিনেমায় একসময় দাপটের সঙ্গে অভিনয় করলেও চলতি বছরে মাধুরি দিকশিত অভিনীত দুটি সিনেমাই নাম লিখিয়েছে ফ্লপের খাতায়।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 05:07 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

তবে মাধুরি বলছেন, এসব ব্যর্থতাকে খুব একটা পাত্তা দেন না তিনি। কারণ, তিনি নতুনদের সঙ্গে প্রতিযোগিতায় নামেননি।

জি মিডিয়া ব্যুরোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান ক্যারিযার এবং চলতি বছরে মুক্তি পাওয়া তার দুটি সিনেমা নিয়ে এসব কথা বলেন মাধুরি।

বছরের শুরুতেই ‘দেড় ইশকিয়া’ সিনেমার মধ্য দিয়ে ছয় বছরের বিরতির পর বলিউডে ফিরে আসেন মাধুরি। এরপর মার্চে মুক্তি পায় তার অভিনীত আরেক সিনেমা ‘গুলাব গ্যাং’। সিনেমাগুলোয় ‘ধাকধাক গার্লে’র অভিনয় প্রশংসিত হলেও বক্স অফিসে আশানুরূপ সাফল্য মেলেনি।

সিনেমা দুটি নিয়ে তিনি বলেন, “দুটি সিনেমায় দুটি সম্পূর্ণ ভিন্নচরিত্রে অভিনয় করেছি। আমি সবসময় আমার সেরাটা দিতে চেষ্টা করেছি। সিনেমার ব্যবসা কেমন হবে সেটা আসলে নির্ভর করে ভাগ্যের উপরই। ব্যবসা করতে না পারলেও সিনেমা দুটি আমার কাছে বেশ ভালো লেগেছে।”

এরপর মাধুরি সরাসরি বলেন, “নতুন কারও সঙ্গে প্রতিযোগিতায় নামার ইচ্ছা আমার নেই। শুধুমাত্র ভালো কাজেই মনোযোগ দিতে চাই।”

ক্যারিয়ারের এই পর্যায়ে নতুন করে কিছুই প্রমাণ করার নেই বলে জানান তিনি। নিজের সাধ্যের মধ্যে সেরাটা দিয়ে যেতে চান ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী।

বলিউডে এখন অনেক কিছুই পাল্টে গেছে বলে মন্তব্য করেন মাধুরি। তার মতে, “আজকের যুগে পর্দায় হাজির থাকাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। দর্শকদের সামনে সবসময় হাজির না থাকলে তারা আপনাকে গ্রহণ করবে না। কিন্তু তার মানে এই না যে, অভিনয় তার গুরুত্ব হারিয়েছে। আর তাই এই দুই গুণই যাদের মধ্যে আছে, তারাই এখন ভালো করছে।”

আশির দশকের শেষের দিকে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মাধুরি। বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে এই অভিনেত্রীর ঝুলিতে। মাঝে অভিনয় থেকে অবসর নিলেও ২০০৭ সালে ‘আজা নাচলে’ সিনেমার মাধ্যমে বলিউডে আবার ফিরে আসেন তিনি।

তবে সেবারও সিনেমাটির কপালে জুটেছিল ফ্লপের তকমাই। এরপর আরও ছয় বছরের বিরতি নেন তিনি।

২০১৩ সালের হিট সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ তে একটি আইটেম গানে নেচেছিলেন। এরপর চলতি বছরের সিনেমাদুটির মাধ্যমেই আবার অভিনয়ে ফেরেন তিনি।

তবে, নতুন করে আর কোনো সিনেমায় কাজের ব্যাপারে চুক্তিবদ্ধ হচ্ছেন না বলেই জানিয়েছেন মাধুরি। ছোটপর্দার রিয়ালিটি শো ‘ঝালাক দিখলা যা’-এর বিচারক হিসেবে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।