২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে দামি দিপিকা

পারিশ্রমিকের দিক থেকে এবার বলিউডের অন্য অভিনেত্রীদের ছাড়িয়ে গেলেন দিপিকা পাড়ুকোন। ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় অভিনয়ের জন্য ৮ কোটি রুপির বিনিময়ে চুক্তি সই করেছেন তিনি। সাঞ্জায় লিলা ভানসালি পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে থাকছেন রানভির সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 04:49 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

বলিউডে নায়কদের বাজার আগে থেকেই বেশ চড়া। শাহরুখ খান, সালমান খান, আমির খান, আকশায় কুমার, হৃত্বিক রোশান প্রত্যেকেই বেশ মোটা অংকের পারিশ্রমিক নিয়ে থাকেন। সিনেমাপ্রতি ১০ কোটি রুপির উপরে আয় করেছেন সবাই।

সেদিক থেকে অবশ্য অভিনেত্রীদের আয়ের অঙ্কটা কমই বলতে হবে। সিনেমাপ্রতি বলিউডি অভিনেত্রীদের আয় এক-দুই কোটি রুপির মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর আগে মাধুর ভান্ডারকারের ‘হিরোইন’ সিনেমার জন্য আট কোটি রুপি নিয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন কারিনা কাপুর।

২০১৩ সালের সবচেয়ে সফল অভিনেত্রী হওয়া সত্ত্বেও দিপিকা পাড়ুকোনের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল চার কোটি রুপি। কারিনার মতো এবারই প্রথম আট কোটি রুপি নিচ্ছেন তিনি। এমন তথ্যই জানিয়েছে বলিউড লাইফ।

‘বাজিরাও মাস্তানি’তে চুক্তিবদ্ধ হওয়ার আগে অবশ্য দিপিকা বেশ দোটানার মধ্যে ছিলেন। তাকে বেছে নিতে হয়েছে কারান জোহার আর বানসালির মধ্য থেকে একজনকে। ‘বাজিরাও মাস্তানি’র পাশাপাশি কারান জোহারের ‘শুদ্ধি’ সিনেমায় অভিনয়ের প্রস্তাবও ছিল তার কাছে। কিন্তু ‘গোলিও কি রাসলিলা: রাম-লিলা’তে সাফল্য পাওয়ার পর দিপিকা ভানসালির প্রতিই বিশ্বস্ততা দেখান।

কিছুদিন আগে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার এক জরিপে সবচেয়ে আবেদনময়ী নায়িকা হিসেবেও দর্শকভোটে সবাইকে টপকে যান তিনি।