জাতিসংঘ সদর দপ্তরে লালন
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৬৮তম সাধারণ সম্মেলনের অংশ হিসেবে ৬ জুন শুরু হচ্ছে কনসার্ট। কনসার্টে অংশ নিচ্ছে বাংলাদেশের ফোক-রক ফিউশন ব্যান্ড লালন।
দলটির ড্রামার ও প্রধান থিন হান মং তিতি গ্লিটজকে জানান, তারা তিনটি গান পরিবেশন করবেন। এবং শুভেচ্ছা বক্তব্যে সঠিক নেতা নির্বাচনের গুরুত্ব তুলে ধরবেন।
তিনি বলেন, “আমরা যদি আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, যেমন-- প্রকৃতির সংরক্ষণ, গাড়ির কালো ধোয়া নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে সমাজের নেতৃস্থানীয়দের বোঝাতে পারি। এবং আমরা আশা করি, তারা কোনো ভুল সিদ্ধান্ত নেবে না।”
জাতিসংঘের ঘোষণা অনুযায়ী-- ২০১৫ সালে বিশ্বকে আমরা কীভাবে দেখতে চাই, পৃথিবীকে আরও শান্তিপূর্ণ করে তুলতে আমাদের করণীয় এবং ‘মাই ওয়ার্ল্ড’ প্ল্যাটফর্মে ভোটের মাধ্যমে ‘বিশ্বনাগরিক’ হিসেবে নিজেদের বক্তব্য বিশ্বনেতাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সচেতনতা তৈরি করতে এমন কনসার্ট আয়োজন করেছেন জাতিসংঘ প্রেসিডেন্ট এইচ ই অ্যাশ।
তিনি আরও জানান, কনসার্টে অংশগ্রহণকারীরা নিজদেশেও নেতৃস্থানীয়দের কাছে দাবিগুলো তুলে ধরতে কাজ করবে।
ব্যান্ডটি জাতিসংঘের অনুষ্ঠানের ‘জাত গেল জাত গেল’, ‘গুরুর চরণ’, ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’-- এই তিনটি গানকে বেছে নিয়েছেন।
‘জাত গেল জাত গেল’ গানটি ফকির লালন সাঁইয়ের। যার অনুপ্রেরণায় ব্যান্ডটি গঠন করেন সুমি ও তিতি। তাদের সঙ্গে বর্তমানে রয়েছেন তুর্য, বাপ্পী ও ইমরান।
‘গুরুর চরণ’ তাদের নিজেদের গান এবং ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ একটি প্রচলিত লোকগান।
তিতি বলেন, “আমরা সচেতনভাবেই গান বাছাই করেছি। তৃতীয় গানটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, বিশ্ব দরবারে লালন সাঁইজির সঙ্গে আরও অনেক অজানা বাউল-সাধকদের তুলে ধরা।”
কনসার্টে আরও অংশ নিচ্ছেন ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকজন শিল্পী। যাদের মধ্যে রয়েছে ডেভিড রাডার, মাইকেল মন্টানা, জৌক ব্যান্ড কাসাভ এবং চাইল্ড সোলজার। আরও থাকবেন দক্ষিণ সুদানের র্যাপার ইমানুয়েল জাল।
