‘ম্যালেফিসেন্টে’র কব্জায় বক্স অফিস
ডিজনির সিনেমা ‘ম্যালেফিসেন্ট’ প্রথম সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রেই আয় করেছে ৭ কোটি ডলার। রূপকথা ‘স্লিপিং বিউটি’র ডিজনিসৃষ্ট এই খলনায়িকা বড়দেরও মন ভোলাবে বলে ধারণা করা হচ্ছে।
সিনেমাহলগুলোতে ‘এক্স মেন: ডেইজ অফ দ্য ফিউচার পাস্ট’, ‘গডজিলা’ এবং ‘দ্য অ্যামেইজিং স্পাইডার ম্যানে’র মতো সিনেমাগুলোর দাপট, যেগুলোর লক্ষ্য বিশেষ করে টিনএজ দর্শকরা। এমন অবস্থায় নারী ও শিশুদের জন্য ‘ফ্রোজেন’-এর মতোই ‘ম্যালেফিসেন্ট’ বিনোদনের ভালো খোরাক হবে বলে আশা করা হচ্ছে।
‘ম্যালেফিসেন্ট’-এর জন্য দর্শকের প্রতীক্ষার আরেকটি কারণ ছিলেন অভিনেত্রী জোলি। প্রায় চার বছর বিরতির পর পর্দায় তাকে দেখার সুযোগ পেলেন ভক্তরা। সেই সঙ্গে এবার জোলিকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্নরূপে।
২৯ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ৩ হাজার সিনেমাহলে একযোগে মুক্তি পায় সিনেমাটি। ১৮ কোটি ডলার বাজেটের সিনেমাটি শুধুমাত্র একটি শো থেকেই আয় করেছে ৪২ লাখ ডলার। এরপর ৩০ মে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয় সিনেমাটি।
ইতিহাস ঘেঁটে দেখা গেছে রাত ৯টা থেকে ১২টার শোতে প্রদর্শিত ডিজনির সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করেছে ‘ম্যালেফিসেন্ট’। এর আগে এই রেকর্ড গড়েছিল ২০১০ সালে মুক্তি পাওয়া ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’, যার আয় ছিল ৩৯ লাখ ডলার।
জোলির ২০০৮ সালের সিনেমা ‘ওয়ান্টেড’কেও প্রথম সপ্তাহের এই সাফল্যে পেছনে ফেলেছে ‘ম্যালেফিসেন্ট’। এখন পর্যন্ত জোলির ক্যারিয়ারের এটিই সবচেয়ে সফল সিনেমা হতে যাচ্ছে এমন ভবিষ্যদ্বাণীও শোনা যাচ্ছে।
৩০ মে একই সঙ্গে মুক্তি পেয়েছে সেথ ম্যাকফারলেনের মুভি ‘এ মিলিয়ন ওয়েস টু ডাই ইন দ্য ওয়েস্ট’। আর রেটেড এই কমেডি সিনেমাটি প্রথম সপ্তাহে আয় ২০ থেকে ২২ কোটির মধ্যে। তবে মে মাসের শুরুতে মুক্তি পাওয়া ‘নেইবরস’-এর মতো এটিও প্রাপ্তবয়স্ক দর্শকদের কাছেই ভালো লাগবে।
মুক্তির দ্বিতীয় সপ্তাহে প্রায় দেড় কোটি ডলার আয় করে বক্স অফিসে শীর্ষে অবস্থান করছে ‘এক্স মেন: ডেইজ অফ দ্য ফিউচার পাস্ট’। ‘গডজিলা’ রয়েছে দ্বিতীয়তে, মে মাসের শেষ সপ্তাহে যার আয় হয়েছে ১ কোটি ৩০ লাখ ডলার।
