ফিরছে ‘মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং’
হলিউডের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসাসফল রোমান্টিক কমেডি বলা হয় ‘মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং’কে। এক যুগ পর এর সিকুয়েল তৈরির খবর জানালেন সিনেমাটির চিত্রনাট্যকার ও কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী নিয়া ভারদালোস।
প্রথম সিনেমায় ভারদালোসের বিপরীতে অভিনয় করেছিলেন জন করবেট। সিকুয়েলে তিনিও থাকছেন। ইতোমধ্যে কাহিনী লেখার কাজ শুরু করেছেন ভারদালোস। নতুন এই সিনেমার পরিচালক অবশ্য এখনও ঠিক হয়নি। ভারদালোস নিজেই এবার পরিচালনা করতে পারেন বলে গুজব উঠলেও তিনি তা নাকচ করে দিয়েছেন।
তিনি জানিয়েছেন নতুন সিনেমার কাহিনী আরেকটি বিয়ের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠবে। মূল চরিত্র ‘পোর্তোকালোস’-এর বাবা-মা এই বিয়েতে যোগ দেবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি জানান, “যেহেতু আমি এখন একজন মা, আমি এখন আমার পারিবারিক জীবনের দ্বিতীয় অধ্যায় নিয়ে লিখতে প্রস্তুত।”
তিনি আরও টুইট করেন, “কিছু সংবাদমাধ্যম বলতে পারে আমার আর্থিক অবস্থা খারাপ অথবা আমি কেবল জন করবেটকে আরেকবার চুমু খেতে চাই। এর মধ্যে কোন একটা নিশ্চয়ই সত্যি।”
২০০২ সালে মুক্তি পাওয়া ‘মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং’ এর মোট আয় ছিল ২৪ কোটি ১৪ লাখ মার্কিন ডলার। এর কাহিনি আবর্তিত হয় এক মার্কিন-গ্রীক নারীরজীবন নিয়ে। সিনেমায় কাহিনীকার ভারদালোসের জীবনের প্রথম দিককার ঘটনা উঠে এসেছিল। সেরা চিত্রনাট্যের জন্য অস্কার মনোনয়নও পেয়েছিলেন তিনি।
