আবার একসঙ্গে সালমান-ক্যাটরিনা
সালমান খানের পরবর্তী সিনেমা ‘কিক’-এ আবার একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে একটি আইটেম গাল মেলাতে পারেন তার একসময়ের ‘প্রেমিকা' ক্যাটরিনা।
পরিচালক সাজিদ নাদিওয়াদওয়ালা এ বিষয়ে সিদ্ধান্ত নিলেও এখনও সায় দেননি সালমান।
যদি সালমান রাজি হন তবে গানটির শুটিং হবে জুন মাসের মাঝামাঝি সময়ে।
সম্পর্ক ভেঙে যাওয়ার পরও পর্দায় একসঙ্গে দেখা গেছে সালমান-ক্যাটরিনা জুটিকে।
২০১২ সালে মুক্তি পায় তাদের সিনেমা ‘এক থা টাইগার’, যা দারুণ ব্যবসাসফল হয়।
এছাড়া সালমানের সিনেমা ‘বডিগার্ড’এ একটি আইটেম গানে একসঙ্গে নাচতে দেখা গেছে দুজনকে।
তবে ২০১৩ সালে গুঞ্জন উঠেছিল, ক্যাটরিনার সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করেছেন সালমান। এই গুঞ্জন ওঠে 'এক থা টাইগার’-খ্যাত পরিচালক কবির খানের নতুন এক সিনেমাকে কেন্দ্র করে, যেখানে সালমানের বিপরীতে ক্যাটকে নিতে চেয়েছিলেন কবির।
অভিনেত্রী হিসেবে ক্যাটরিনাই ছিলেন কবিরের প্রথম পছন্দ, যার সঙ্গে ‘নিউ ইয়র্ক’ সিনেমাতেও কাজ করেছেন তিনি। এছাড়াও শুটিং চলছে ‘ফ্যান্টমে’র যেখানে ক্যাটের বিপরীতে আছেন সাইফ আলী খান।
তবে কবিরের নাম ঠিক না হওয়া ঐ সিনেমাটিতে ক্যাটের সঙ্গে কাজ করতে রাজি হননি সালমান। ফলে এখন এই পরিচালককে খুঁজতে হচ্ছে অন্য অভিনেত্রী।
অবশ্য এই গুঞ্জনের সত্যতা স্বীকার করেননি কবির খান। তিনি জানান, ঐ চরিত্রের সঙ্গে খাপ খাচ্ছেন না ক্যাটরিনা আর তাই খোঁজা হচ্ছে অন্য কাউকে।
এছাড়াও শোনা যাচ্ছে, ‘কিক’ সিনেমায় ঐ আইটেম গানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল দিপিকা পাড়ুকোনকে। কিন্তু শাহরুখের সঙ্গে ‘হ্যাপি নিউ ইয়ারে’র কাজে ব্যস্ত থাকায় সময় দিতে পারবেন না তিনি।
