২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিসে ‘এক্স-মেন’ ঝড়

যুক্তরাষ্ট্রজুড়ে চলছে এখন ‘এক্স মেন’ ঝড়। চলতি মাসের তৃতীয় সপ্তাহে মুক্তি পেয়ে প্রথম রাতেই ৮১ লাখ ডলার আয় করেছে ‘এক্স মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’। এর মাধ্যমে সিরিজের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল ব্রায়ান সিঙ্গার পরিচালিত এই সিনেমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 04:47 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

‘এক্স-মেন’ সিরিজের পঞ্চম মুভি ‘এক্স মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’-এর মুক্তির প্রথম রাতের আয় সিরিজের ১৪ বছরের ইতিহাসে, ‘লেট নাইট শো’তে আয়ের আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের তিন হাজার সিনেমা হলে একযোগে মুক্তি পায় ‘টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স’-এর এই সিনেমাটি।

মেমোরিয়াল ডে’র ৪ দিনের ছুটিতে প্রায় ৪ হাজার হলে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির আয়ের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি ডলার। কিন্তু অ্যাসোসিয়েট প্রেস বলছে এরই মধ্যে বিশ্বব্যাপী এর আয় হয়ে গেছে ২৬ কোটি মার্কিন ডলার। শুধু যুক্তরাষ্ট্র আর কানাডাতেই মুভিটি আয় করেছে প্রায় ৯ কোটি ১০ লাখ ডলার।

সুপারহিরো আর সাই-ফাই মুভির ভিড় ঠেলে বক্স অফিসে শীর্ষে পৌঁছে গেছে সিনেমাটি। গত সপ্তাহে মুক্তি পাওয়া সাই-ফাই মুভি ‘গডজিলা’ এ সপ্তাহে ৩ কোটি ১৪ লাখ মার্কিন ডলার ব্যবসা করে রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে এরইমধ্যে সামার ব্লকবাস্টারের তকমা পেয়ে যাওয়া মার্ভেলের দুই সুপারহিরো মুভি ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান টু’ এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’ এখন রয়েছে পঞ্চম এবং দ্বাদশ স্থানে।

এর আগে ‘এক্স-মেন’ সিরিজের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার রেকর্ডটি ছিল ‘এক্স মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’-এর দখলে। ২০০৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি উদ্বোধনী রাতে ব্যবসা করেছিল ৫৯ লাখ মার্কিন ডলার।সিনেমাটির  সর্বমোট আয় ছিল ১২ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজের সর্বশেষ ছবি ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’, ‘লেট নাইট শো’তে আয় করেছিল প্রায় ৩৪ লাখ মার্কিন ডলার। এছাড়া ২০১৩ সালের গ্রীষ্মে মুক্তি পাওয়া ‘দ্য উলভারিন’-এর উদ্বোধনী আয় ছিল ৪০ লাখ ডলার।

‘এক্স মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’ বলছে ভবিষ্যতের পৃথিবীর গল্প যেখানে মিউট্যান্টদের পৃথিবী থেকে সরিয়ে দিতে বদ্ধপরিকর ‘সেন্টিনেল’ নামের বিধ্বংসী রোবটদের দল। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অতীত ও ভবিষ্যতের মিউট্যান্টরা এক হয়ে লড়াইয়ে নামে।

সিরিজের আগের সিনেমাগুলোর মতোই এবারও ‘উলভারিন’ চরিত্রে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান। ‘মিস্টিক’ চরিত্রে ফিরে এসেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। অন্যান্য চরিত্রে আছেন মাইকেল ফ্যাসবেন্ডার, জেমস ম্যাকাভয়, হ্যালি বেরি, অ্যালেইন পেইজের মতো তারকারা।

২২ মে বিশ্বব্যাপী যুক্তরাজ্য, চীন, রাশিয়া, মেক্সিকোসহ একশ’রও বেশি দেশে মুক্তি পেয়েছে ‘এক্স মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’। মুভিটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।