আবারও ‘জ্যাঙ্গো আনচেইনড’
নতুন সিনেমা নয়, পুরনো সিনেমাকেই নতুন রূপে নিয়ে আসছেন অস্কারজয়ী পরিচালক কুয়েন্টিন টারান্টিনো।
২০১২ সালে মুক্তি পেয়েছিল তার পরিচালিত শেষ সিনেমা ‘জ্যাঙ্গো আনচেইনড’। সেটিকেই আবার মুক্তি দিতে চাচ্ছেন তিনি।
১৬৫ মিনিটের এ ছবিতে আরও ৯০ মিনিট অপ্রদর্শিত ফুটেজ যোগ করতে চান তিনি। তবে ৪ ঘণ্টার এই কাজটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়; বরং মিনিসিরিজ আকারে ছোটপর্দায় প্রকাশ করার চিন্তা রয়েছে তাঁর।
মার্কিন দৈনিক ইউএসএ টুডেকে টারান্টিনো বলেছেন, “আমার কাছে ‘জ্যাঙ্গো আনচেইনডে’র প্রায় ৯০ মিনিটের মতো ব্যবহারযোগ্য ফুটেজ রয়েছে। এটা এখনও দেখানো হয়নি। ‘জ্যাঙ্গো আনচেইনড’-এর একটা ৪ ঘণ্টার সংস্করণ তৈরির পরিকল্পনা আছে আমার। কিন্তু আমি এটাকে চার ঘণ্টার ছবি হিসেবে দেখাব না। বরং চার খণ্ডের মিনিসিরিজ বানাব। আর এক ঘণ্টায় এক খণ্ড হিসেবে টেলিভিশনে দেখাব।”
‘জ্যাঙ্গো আনচেইনড’ এক ক্রীতদাসের প্রতিশোধ গ্রহণের কাহিনি। ২টি অস্কার জেতা এই মুভিতে অভিনয় করেছেন জেমি ফক্স, কেরি ওয়াশিংটন, লিওনার্দো ডিক্যাপ্রিও, ক্রিস্তফ ওয়াল্টজ এবং স্যামুয়েল এল জ্যাকসন।
ফক্স এখানে অভিনয় করেছেন এক মুক্ত ক্রীতদাসের ভূমিকায় যে এক ভাড়াটে খুনিকে (ওয়াল্টজ) সঙ্গে নিয়ে তার হারানো স্ত্রীকে (ওয়াশিংটন) এক লম্পট ভূপতির কবল থেকে উদ্ধারের অভিযানে নামে।
টারান্টিনোর মতে ৪ ঘণ্টার সিনেমাটা দর্শকদের জন্য একটা ‘ধৈর্য্যের পরীক্ষা’ হয়ে যাবে।
“আমার কাছে থাকা সব অংশই আমরা ব্যবহার করব। কিন্তু এটা কোনো ধৈর্য্যের পরীক্ষা হবে না। এটা একটা মিনিসিরিজ হবে। আর দর্শকরা ঠিক এটাই পছন্দ করে। দর্শক একটা চার ঘণ্টার সিনেমায় শুধু চোখ বুলিয়ে যায়, কিন্তু একটা চার ঘণ্টার মিনি সিরিজের ক্ষেত্রে প্রত্যেকটা সিরিজ দেখার জন্য উৎসুক হয়ে থাকে। আমি মনে করছি এভাবেই এটা সফল হবে।”
কান চলচ্চিত্রে উৎসবে পাম দ’র জেতা টারান্টিনোর সিনেমা ‘পাল্প ফিকশনে’র ২০ বছর পূর্তি উপলক্ষে এক প্রদর্শনী হয়ে গেল শুক্রবার (২৩মে)। আর এ উপলক্ষেই ফ্রান্সে অবস্থান করছেন এই নির্মাতা।
