২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুমু নিয়ে ইরানে ঝড়

কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট জাইলস জেকব, ইরানি অভিনেত্রী ও এবারের জুরি সদস্য লেইলা হাতামির গালে চুমু খাওয়ায় ইরানজুড়ে বিতর্কের ঝড় উঠেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 04:00 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

দেশটির গণমাধ্যমে বলা হচ্ছে, এ ঘটনায় ইরানি নারীদের ‘পবিত্রতা’ ক্ষুণ্ন হয়েছে। অন্যদিকে জেকব বলছেন, এটা একটা সাধারণ পশ্চিমা সৌজন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে একটি টুইটও করেন তিনি, “আমি মিসেস হাতামির গালে চুমু খেয়েছি।  ঐ মুহূর্তে আমার কাছে  ইরানি চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করছিলেন তিনি। তারপর তিনি আবার স্বরূপে ফিরে আসেন।”

তিনি আরও যোগ করেন, “একটি সাধারণ পশ্চিমা রীতি নিয়ে এত বিতর্কের কোনো কারণ দেখি না।”

কিন্তু তার সঙ্গে  মোটেই একমত নন ইরানের সংস্কৃতি প্রতিমন্ত্রী হোসেইন নুশাবাদি। তার মতে হাতামি কানে যেভাবে উপস্থাপন করেছেন তা ‘ধর্মীয় বিশ্বাসকে লঙ্ঘন করে’।

ইরানের গণমাধ্যমে আরও বলা হচ্ছে হাতামি জেকবের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন যেটা ‘অশোভন’।

২০১২ সালে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে অস্কার জেতা সিনেমা ‘আ সেপারেশন’ এ অভিনয়ের জন্য পরিচিতি পান লেইলা হাতামি। স্বামী অভিনেতা আলি মোসাফার সঙ্গে ইরানেই বসবাস করেন এই অভিনেত্রী।

এবার কান উৎসবের পাম দ’র প্রাইজ জুরির পাঁচ নারী সদস্যের মধ্যে তিনি একজন।