হিমেশের 'হেলাফেলা'
সংগীত পরিচালক এবং গায়ক হিসেবে সফল হলেও অভিনয় ক্যারিয়ারকে বরাবরই অবহেলা করেছেন হিমেশ রেশামিয়া। যার ফলে আসেনি সাফল্য। তবে নিজের নতুন সিনেমা ‘দ্য এক্সপোজে’ নিয়ে আশাবাদী তিনি।
‘আপকা সুরুর-দ্য রিয়েল লাভ স্টোরি’র মাধ্যমে অভিনেতা হিসেবে অভিষেক হয়েছিল হিমেশের। এরপর থেকে অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়, যার একটিও বক্স অফিসের প্রতিযোগিতায় টিকতে পারেনি।
তবে সিনেমাগুলোর ব্যর্থতার জন্য নিজের অবহেলাকেই দায়ী করেন হিমেশ। তিনি বলেন, “আমি ব্যর্থ হয়েছিলাম কারণ এখন অভিনেতা হিসেবে আমি মনোযোগী ছিলাম না। যতখানি মনোযোগ প্রয়োজন ছিল, আমি তা দেইনি।”
“যখন আমার সিনেমাগুলো চলেনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি সংগীতের জন্য যে পরিমাণ মনোযোগ আমি দিয়েছিলাম, তা অভিনয়ের ক্ষেত্রে দেইনি। তাই ‘এক্সপোজে’তে আমি এই ভুল শুধরানোর চেষ্টা করেছি।”
অভিনয় ক্যারিয়ারে মতো পাঁচটি সিনেমায় দেখা গেছে হিমেশকে। এর মধ্যে চারটি সিনেমাই হয়েছে ফ্লপ। এমনকি সমালোচকদের হাতেও হয়েছে ছিন্নভিন্ন। তবে হিমেশ জানান, এখন পর্যন্ত কোনো নেতিবাচক মন্তব্য পাননি তিনি।
সংগীত পরিচালক হিসেবে সফল হিমেশ উপহার দিয়েছেন ‘নামাস্তে লন্ডন’ এবং ‘এয়েতরাজ’সহ আরও অনেক হিট সিনেমার গান। অভিনেতা হিসেবে ‘দ্য এক্সপোজে’ হবে তার ষষ্ঠ সিনেমা, যা নিয়ে খুবই আত্মবিশ্বাসী তিনি।
‘এক্সপোজে’ পরিচালনা করেছেন আনান্ত মাহাদেভান, এখানে আরও অভিনয় করবেন গায়ক ইয়ো ইয়ো হানি সিং। সঙ্গে দেখা যাবে দুজন নতুন নায়িকা সোনালি রাউত এবং যোয়া আফরোজকে।
থ্রিলার ধাঁচের সিনেমা ‘দ্য এক্সপোজে’ মুক্তি পাবে ১৬ মে।
