যেমন মা তেমন মেয়ে
তারা প্রতিভাবান, তারা সুন্দরী, তারা আবেদনময়ী-- তাদের মাঝে কে মা আর কে মেয়ে, তা বোঝা ভার। মা দিবস উপলক্ষে এমনই ১০ জোড়া মা-মেয়ের তালিকা তৈরি করেছে ওমেনসডে ডটকম, যা তুলে ধরা হল গ্লিটজের পাঠকদের জন্য।
সত্তরের দশকের টিভি পর্দায় একজন হিপস্টার গোয়েন্দা হিসেবে সুপরিচিত ছিলেন পেগি লিপটন, টিভি সিরিজ ‘মব স্কোয়াড’-এর বদৌলতে। সংগীতশিল্পী কুইন্সি জোন্সের সঙ্গে ১৯৭৪ সালে গাঁটছড়া বাঁধার পর তার কোলজুড়ে আসে দুই মেয়ে রাশিদা এবং কিদাদা।
মায়ের দেখানো পথ ধরে হেঁটেছেন দুজনেই। তবে মায়ের মতো শুধু অভিনয় কিংবা মডেলিংয়ে থেমে থাকেনি তাদের প্রতিভার বিকাশ। বড়বোন কিদাদা অভিনয় এবং মডেলিংয়ের পাশাপাশি করছেন ফ্যাশন ডিজাইনিং।
অপরদিকে কমেডি সিরিজ ‘দ্য অফিস’, ‘বোস্টন পাবলিক’ ছাড়াও ‘সোশাল নেটওয়ার্ক’, ‘আওয়ার ইডিয়ট ব্রাদার’, ‘দ্য মাপেটস’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন রাশিদা জোন্স। অভিনয়ের পাশাপাশি কমিক বুক লেখক, চিত্রনাট্যকার এবং গায়িকা হিসেবেও খ্যাতি আছে তার।
যদিও তিনি আগের দিনের অভিনেত্রী, কিন্তু হলিউডি সিনেমার নিয়মিত দর্শকদের কাছে গোল্ডি চেনা মুখ। ষাটের দশক থেকে টিভি এবং সিনেমায় নিয়মিত ছিলেন স্বর্ণকেশী এই অভিনেত্রী।
‘প্রাইভেট বেঞ্জামিন’, ‘শ্যাম্পু’, ‘ডেথ বিকামস হার’, ‘ব্রাইড অন ওয়্যার’খ্যাত এই অভিনেত্রীর সুযোগ্য কন্যা কেট হাডসন।
মাত্র ১৭ বছর বয়সে অভিনয় শুরু করা হাডসনকেও মায়ের মতো রোমান্টিক কমেডিতেই বেশি দেখা গেছে, যার মধ্যে রয়েছে ‘অলমোস্ট ফেমাস’ এবং ‘হাও টু লুজ এ গায় ইন টেন ডেইজ’ এর মতো জনপ্রিয় কমেডি।
অস্কার মনোনীত অভিনেত্রী ডেবি রেনল্ডসের জনপ্রিয়তা ছিল পঞ্চাশের দশকে। মিউজিক্যালে অভিনয়ের জন্যই পরিচিত ছিলেন তিনি। ‘সিঙ্গিং ইন দ্য রেইন’, ‘ট্যামি অ্যান্ড দ্য ব্যাচেলর’ এবং ‘টু উইকস উইথ লাভ’কে ধরা হয় তার অন্যতম কাজ।
পঞ্চাশের দশকের পপ গায়ক এডি ফিশারকে বিয়ে করেন ডেবি রেনল্ডস। নাচে-গানে পারদর্শী ছিলেন বাবা-মা দুজনই। কিন্তু নিজের পেশা হিসেবে অভিনয়কেই বেছে নেন ক্যারি ফিশার।
তবে শুধু অভিনয়েই থেমে যায়নি তার যাত্রা,‘স্টার ওয়ার্স’খ্যাত এই অভিনেত্রী লিখেছেন উপন্যাস ও চিত্রনাট্য।
মঞ্চ, টিভি এবং সিনেমায় সপ্রতিভ ব্লাইথ ড্যানার জিতেছেন একাধিক এমি এবং টনি অ্যাওয়ার্ড। ‘মিট দ্য প্যারেন্টস’ সিনেমার মাধ্যমে মন জয় করেছেন নতুন প্রজন্মের দর্শকদেরও।
অপরদিকে ‘শেক্সপিয়ার ইন লাভ’ সিনেমার জন্য অস্কার জিতেছেন তার মেয়ে গিনেথ পলট্রো। পাশাপাশি ‘সেভেন’ এবং ‘আয়রনম্যান’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে সমালোচক ও দর্শক দুই শ্রেণিকেই মাত করেছেন ড্যানার ও পরিচালক ব্রুস পলট্রোর একমাত্র মেয়ে।
বিশের কোঠা পেরোবার আগেই দুই মেয়ের মা হবার পর একা একা সংগ্রাম করেই দিন কাটিয়েছেন কান্ট্রি গায়িকা নাওমি জুড। এরপর ১৯৮৩ সালে বড় মেয়ে উইনোনা জুডের সঙ্গে মিলে গঠন করেন ব্যান্ডদল ‘দ্য জুডস’। বিশ্বব্যাপী খ্যাতি পাবার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের।
মা এবং বড়বোন যেখানে গান গেয়ে মাতাচ্ছেন বিশ্ব, সেখানে ছোট মেয়ে অ্যাশলির আগ্রহ ছিল অভিনয়ে। নব্বইয়ের দশকের শুরু থেকে মঞ্চ এবং সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি। ‘সামওয়ান লাইক ইউ’, 'ডাবল জেপার্ডি’, ‘নরমা জিন অ্যান্ড মেরিলিন’, ‘কিস দ্য গার্লস’-সহ আরও অনেক সিনেমা রয়েছে তার ক্যারিয়ারের খাতায়।
আলফ্রেড হিচককের ‘বার্ডস’খ্যাত অভিনেত্রী টিপি হেড্রন তার মেয়ে মেলানি গ্রিফিথের সঙ্গে অভিনয় করেছেন ছয়টি মুভিতে, এর মধ্যে একটি হল ‘প্যাসিফিক হাইটস’।
মায়ের মতো অভিনয় ক্যারিয়ারে সফল গ্রিফিথ অস্কার মনোনয়ন পেয়েছেন ‘ওয়ার্কিং গার্ল’ সিনেমায় অভিনয় করে। বংশানুক্রমে অভিনয়ের এই ধারা বজায় রেখেছেন গ্রিফিথের মেয়ে ডাকোটা জনসন, সম্প্রতি ‘ফিফটি শেডস অফ গ্রে’ মুভিতে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি।
হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিবেচিত জুডি গারল্যান্ড অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও ছিলেন সুপরিচিত। গারল্যান্ড অভিনীত একটি স্মরণীয় চরিত্র হল ১৯৩৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘উইজার্ড অফ অজ’এর ডরোথি গেইল।
মায়ের মতো নিজেকে একজন মঞ্চ অভিনেত্রী এবং গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন লিজা মিনেলি। মিউজিক্যাল ফিল্ম ‘ক্যাবারে’ তে অভিনয় করে জিতেছেন অস্কার এবং গোল্ডেন গ্লোব, দুটোই।
আলফ্রেড হিচককের ‘সাইকো’ মুভির সেই নায়িকা, যাকে স্নানরত অবস্থায় খুন হতে দেখা যায়, তিনি আর কেউ নন, জ্যানেট লেই। এই চিরস্মরণীয় চরিত্রে অভিনয় তাকে এনে দিয়েছিল সেরা অভিনেত্রী হিসেবে অস্কারের মনোনয়ন।
অভিনেতা টনি কার্টিস ও লেই জুটির কন্যা জেমি লি কার্টিস। মায়ের মতো নিজেকেও ‘স্ক্রিম কুইন’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ‘হ্যালোউইন’ এবং ‘প্রম নাইট’-এর মতো হরর থ্রিলার ছাড়াও কমেডি মুভি ‘ফ্রিকি ফ্রাইডে’র জন্য বিশেষভাবে পরিচিত এই নায়িকা।
‘ক্যাসাব্লাঙ্কা' সিনেমার জন্য এক নামে পরিচিত সুইডিশ অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যান। প্রায় ৫০ বছরের ক্যারিয়ারে পেয়েছেন তিনটি অস্কার, কাজ করেছেন আলফ্রেড হিচককের সঙ্গেও।
অভিনেত্রী মায়ের মেয়ে ইজাবেলার বাবা ছিলেন ইতালীয় নির্মাতা রবার্তো রোজালিনি। জন্ম থেকে রোমে বেড়ে ওঠা এই অভিনেত্রী মূলত ইতালীয় সিনেমাতেই অভিনয় করেছেন নিয়মিত। 'ব্লু ভেলভেট’ এবং ‘কাজিনস’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।
স্বর্ণকেশী অভিনেত্রী জেইন ম্যানসফিল্ড ছিলেন পঞ্চাশ এবং ষাটের দশকের যৌন আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে অন্যতম, যাকে বলা হত মেরিলিন মনরোর বিকল্প। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য গার্ল কান্ট হেল্প ইট’ এবং ‘দ্য বার্গলার’।
অপরদিকে তার মেয়ে মারিসকা হারগিতে গড়েছেন সফল টিভি ক্যারিয়ার। টিভি সিরিজ ‘ল অ্যান্ড অর্ডার’-এ অভিনয়ের জন্য সুপরিচিত এই অভিনেত্রী
