ব্যান্ডসংগীতের নতুন সংগঠন এসএমবি
বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা), বাংলাদেশ মিউজিশিয়ানস অ্যালায়ান্সের (বিএমএ) পর আত্মপ্রকাশ করল ব্যান্ড মিউজিকের নতুন সংগঠন সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস বাংলাদেশ (এসএমবি)।
সংগঠনের সভাপতি অলটারনেটিভ রক ব্যান্ড ‘ব্ল্যাক’-এর ড্রামার মেহমুদ আফ্রিদী টনি সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের মধ্যে বন্ধন গড়ে তুলে মিউজিক ইন্ডাস্ট্রির উন্নয়নের পাশাপাশি নানারকম সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হতে সহায়তা করবে এই সংগঠন।”
সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা এবং উদ্দেশ্য ও ভবিষ্যত কর্মসূচি জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। শুরুতেই এ বিষয়ে বিস্তারিত জানান সংগঠনের সাধারণ সম্পাদক ও ‘আর্টসেল’ ব্যান্ডের গিটারিস্ট এরশাদুজ্জামান।
অনুষ্ঠানে এসএমবি’র সহ-সভাপতি মোরশেদ খান (আর্ক), সহ-সাধারণ সম্পাদক শাফকাত আহমেদ দীপ্ত (অরণ্য), কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সুমন (পেন্টাগন), নির্বাহী কমিটির সদস্য জিয়াউর রহমান (শিরোনামহীন), শেখ সাহেদ আলি (গাছ), রাশেদ আহমেদ তপু (যাত্রী), জামশেদ (পাওয়ারসার্জ) এবং রোমান্স (সিক্স) ছাড়াও সংগঠনভুক্ত ব্যান্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানান হয়, ২৪ মে বনানীর স্যাফরন রেস্টুরেন্টে দিনব্যাপী কনসার্টে অংশ নেবে সংগঠনভুক্ত ২০টি ব্যান্ড।
