‘আশিকি টু’-খ্যাত গায়ক গ্রেফতার
‘আশিকি টু’ সিনেমায় ‘সুন রাহা হ্যায় না তু’ গানটির জন্য ফিল্মফেয়ার জেতা গায়ক অংকিত তিওয়ারি এবং তার ভাই অংকুর তিওয়ারিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
ভারতীয় দৈনিক মিড ডে এক সূত্রের বরাত দিয়ে বলছে, তাদের বিরুদ্ধে ২৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ এনে মামলা করা হয়েছে মুম্বাইয়ের ভারসোভা থানায়।
অভিযোগকারী নারী চলচ্চিত্রশিল্পের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। মুম্বাইয়ে ছুটি কাটাতে এসে ভারসোভাতে নিজের বোনের বাড়িতে উঠেছিলেন এই নারী।
সূত্র আরও বলছে, এক বন্ধুর মাধ্যমে ঐ নারীর সঙ্গে পরিচয় হয় অংকিতের। এরপর থেকে যে বাড়িতে তিনি থাকছিলেন সেখানে নিয়মিত আসা যাওয়া শুরু করেন এই গায়ক।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছে ৭ মে রাতে।
অভিযোগকারীর বিবৃতি অনুযায়ী, সেদিন রাতে ভাই অংকুরকে নিয়ে ঐ নারীর বাড়িতে যান অংকিত। এরপর অংকিত তাকে ধর্ষণ করেন এবং সে সময় তাকে ছুরি ধরে ভয় দেখান অংকুর। এই ঘটনা ফাঁস না করার জন্য হুমকিও দেওয়া হয় তাকে।
২৪ বছর বয়সী সংগীতশিল্পী অংকিত গান গাওয়ার পাশাপাশি সংগীত পরিচালনাও করে থাকেন। ‘আশিকি টু’ ছাড়াও ‘দো দুনি চার’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’সহ বেশ কয়েকটি সিনেমায় গান গেয়েছেন অংকিত।
