'মরে গিয়েও' ফিরছেন এমা স্টোন
মার্কিন অভিনেত্রী এমা স্টোন জানিয়েছেন, ‘অ্যামেইজিং স্পাইডার-ম্যান’ সিরিজের পরের পর্বগুলিতেও ‘থাকতে পারেন’ তিনি।
মুক্তির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তোলায় ‘অ্যামেজিং স্পাইডার-ম্যান টু’র পরের পর্ব নিয়েও শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। সিরিজের দুটি সিনেমাতেই স্পাইডার-ম্যানের প্রেমিকা গুয়েন স্টেসির ভূমিকায় অভিনয় করেছেন এমা স্টোন। কিন্তু দ্বিতীয় সিনেমায় গোয়েন চরিত্রটির মৃত্যু হওয়ায় তৃতীয়টিতে তিনি থাকছেন কি না- তা নিয়ে আশঙ্কায় ছিলেন অনেকেই।
কনট্যাক্ট মিউজিককে দেয়া এক সাক্ষাত্কারে স্টোন অবশ্য শোনালেন আশার বাণীই। জানালেন, গুয়েন স্টেসিকে ফিরিয়ে আনতে বদলানো হতে পারে স্পাইডার-ম্যানের পুরো গল্পই।
স্টোন বলেন, “আমাকে ফিরিয়ে আনার ব্যপারে চিত্রনাট্যে একটা বড় পরিবর্তন আনা হতে পারে।”
উল্লেখ্য, মার্ভেল কমিক্সের বিভিন্ন সংস্করণে পাওয়া যায় গুয়েন স্টেসির বিভিন্ন ধরনের ভূমিকা। ওই ‘ক্লোন চরিত্র’ গুলোর একটি থেকেই তার চরিত্রটিকে ফিরিয়ে আনা সম্ভব বলেই মনে করছেন স্টোন।
‘অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’ তে গ্রিন গবলিনের(ডেইন ডিহান) হাতে মারা পড়লেও ‘আধুনিক যুগের’ গুয়েনের মতো ‘শক্তিশালী’ চরিত্রে অভিনয় করতে পেরে যারপরনাই খুশি স্টোন।
তিনি বলেন, “আমার প্রথম অডিশনেই নির্মাতারা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন গোয়েনের চরিত্রটি কেমনভাবে তৈরি করতে চান তারা। তখনই আমি বুঝতে পেরেছিলাম, আইকনিক এই চরিত্রটি এবার হতে যাচ্ছে আধুনিক এবং স্পাইডার-ম্যনের সমকক্ষ। আমার মনে হয়, দ্বিতীয় পর্বে এসে ব্যাপারটি ভালভাবে ফুটে উঠেছে। কারণ এই পর্বে গুয়েন নিজে থেকেই স্পাইডার-ম্যানের সাহায্যে এগিয়ে আসে। স্পাইডার-ম্যান তাকে বিপদ থেকে দূরে রাখতে চাইলেও নিজের ইচ্ছাতেই সে বিপদজনক ঘটনায় জড়ায়। একই সঙ্গে গুয়েন তার ভবিষ্যত লক্ষ্য নিয়েও দৃঢ়চিত্ত। পড়াশোনা শেষে পিটারকে ছাড়াই সে নিজের লক্ষ্য স্থির করে।”
স্পাইডার-ম্যান টুতে নিজের মৃত্যুদৃশ্য নিয়েও কথা বলেছেন ২৫ বছর বয়সী ওই অভিনেত্রী।
তিনি বলেন, “শেষ দৃশ্যের বিষয়টি ছিল খুব অদ্ভুত। এই ধরনের দৃশ্যের শুটিংয়ে একটু সময় লাগে। কিন্তু এই সিনেমায় আমরা দৃশ্যটির চিত্রায়ন করেছিলাম আগেই; আর তাই সিনেমায় আমার মরার সময়ের আগেই আসলে আমি মরে গিয়েছিলাম!”
সিনেমায় তার শুটিংয়ের শেষদিন নিয়ে কথা বলেন স্টোন।
“আমাদের শেষ শুটিং আসলে মৃত্যুদৃশ্যটি ছিল না; ছিল গবলিনের (ডেইন ডিহান) আমাকে ফেলে দেওয়ার দৃশ্যটি। ওই সময়টি আসলে আমার জন্য ছিল খুব আবেগঘণ। কারণ আমি জানতাম, সিনেমায় এর পরের দৃশ্যে আমি কেবল পড়েই যাব না, এর সঙ্গে সঙ্গে ছিটকে যাব গোটা সিরিজ থেকেই। আমি জানতাম, সেটিই ছিল স্পাইডার-ম্যানের পুরো দলের সঙ্গে আমার শেষ কাজের দিন।”
