আবারও বাবা মাজনুন
দ্বিতীয়বারের মতো বাবা হলেন অভিনেতা মাজনুন মিজান। ৪ মে দুপুর আড়াইটায়, রাজধানীর কেয়ার হাসপাতালে জন্ম নেয় তার কন্যা সন্তান।
গ্লিটজকে মাজনুন বলেন, “মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে। আমরা সকলের দোয়া প্রার্থী।”
স্ত্রী অনিতা বিশ্বাস মিরার সঙ্গে মাজনুনের বিয়ে হয় ২০০৪ সালের ৮ জানুয়ারি। ৪ বছর আগে জন্ম নেয় তাদের প্রথম সন্তান লুব্ধক মানব।
“লুব্ধকের নাম রেখেছিলেন প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদ।” বললেন, মাজনুন। “এবার আমাদের ছোট মেয়ের নাম রাখবেন শাওন আহমেদ।”
মাজনুনের অভিনীত নাটকের মধ্যে ‘রূপার ঘন্টা’, ‘তারা তিনজন টিমাস্টার’, ‘বনকুমারী’ এবং চলচ্চিত্রের মধ্যে ‘নয় নম্বর বিপদসংকেত’ ও ‘আমার আছে জল’ উল্লেখযোগ্য।
আলোকচিত্র: সুমন ইসলাম আকাশ
