মোদিভক্ত প্রিতি
সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন না অনেকদিন ধরেই; তবে রাজনীতি নিয়ে সরব হয়ে বরাবরই শিরোনামে এসেছেন প্রিতি জিনতা। সবশেষ নিজেকে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির ভক্ত বলে দাবি করলেন হিন্দি সিনেমার এই অভিনেত্রী।
জি মিডিয়া ব্যুরো জানায়, শুক্রবার সকালে বেনারসে পৌঁছান প্রিতি। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, “আমি তার (মোদির) ভক্ত। আশা করি, তিনি জিতবেন। তার জন্য প্রচার চালানোর দরকার নেই। আমি শুধু এসেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে।”
তিনি আরও বলেন, “ সাত বছর আগেই বলেছিলাম, মোদিকে জনগণ ভালোবাসে, তারই প্রধাণমন্ত্রী হওয়া উচিত। হ্যা, আমি এএপি (আম আদমি পার্টি)কেও পছন্দ করি, কিন্তু তাদের এখনও সময়ের প্রয়োজন। আরও বেশি প্রয়োজন জেতার।”
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মোদিকে নিয়ে একের পর এক পোস্ট করছেন প্রিতি। সকাল শুক্রবার সকাল পৌনে নয়টায় এ বিষয়ে তার টুইট ছিল, “যেভাবে সবাই জনাব মোদিকে নিয়ে আলোচনা করাছেন, তা সত্যিই অভাবনীয়। অনেকদিন পর, কেবল একজনকে নিয়েই মানুষের এত কৌতুহল দেখতে পেলাম। আশা করি, সবার প্রত্যাশা অনুযায়ী তিনি কাজ করবেন।”
নির্বাচনী মৌসুমে প্রিতির এই ‘হঠাৎ’ বেনারস সফরে অনেকেই পাচ্ছেন মোদি-প্রচারণার গন্ধ। তবে ৩৯ বছর বয়সী ওই অভিনেত্রী এটিকে রাজনৈতিক প্রচারনা বলতে নারাজ। এ বিষয়ে তার টুইট, “কখনোই কোন রাজনৈতিক দলের হয়ে প্রচারণায় নামি না আমি। এটা একটা ব্যাক্তিগত সফর। গণমাধ্যমই আমাকে এখানে খুঁজে নিয়েছে, আর একের পর এক প্রশ্ন করা শুরু করেছে।”
ছবি: জি নিউজ
এইমুহূর্তে বলিউডের চেয়ে খেলার মাঠ নিয়েই বেশি ব্যস্ত প্রিতি বেশ কিছুদিন ধরেই আলোচনায় তার রাজনীতিক অবস্থানের কারণে। ভারতে নির্বাচনী মৌসুমের শুরুতেই বিজেপির টিকেটে তিনিও প্রার্থী হচ্ছেন- এমন খবর ছড়ালে আলোচনায় আসেন তিনি। তবে খবরটি শেষ পর্যন্ত গুজবই রয়ে যায়।
