রজনিকান্তের নায়িকা সোনাক্সি
এবার তামিল সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে হিন্দি সিনেমার ’১০০ কোটি তারকা’ সোনাক্সি সিনহার। দক্ষিণী সিনেমার ‘থালাইভা’ বা বস রজনিকান্তই হবেন তার নায়ক।
মুম্বাই মিরর জানায়, এই সিনেমায় মূলত দুজন নায়িকা থাকবেন। একজনকে দেখা যাবে চল্লিশের দশকের এক নারীর ভূমিকায়। আরেকজন বর্তমান সময়ের চরিত্র।
দুটি চরিত্রের মধ্যে পুরনো দিনের নারীর চরিত্রটিই বেছে নিয়েছেন সোনাক্সি।
এই সিনেমায় দ্বৈত চরিত্রে চোখে পড়বেন রজনিকান্ত, একজন রাজা এবং তার নাতির ভূমিকায়।
নাম ঠিক না হওয়া এই সিনেমাটি পরিচালনা করছেন আর চিত্রনাট্য লিখেছেন রাভিকুমার। রজনিকান্ত ও দিপিকা পাড়ুকোন অভিনীত কোচাদাইয়ার চিত্রনাট্য লিখেছেন তিনি।
মে মাসের শুরুতেই ভারতের মাইসোর শহরে শুরু হবে শুটিং।
২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ সিনেমার মধ্য দিয়ে হিন্দি সিনেমার জগতে পা রাখেন সোনাক্সি।
চলতি বছর মুক্তি পাবে সোনাক্সির তিনটি হিন্দি সিনেমা ‘হলিডে’, ‘অ্যাকশন জ্যাকসন’ এবং ‘তেভার’।
