২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্রেফ টাকার জন্য ধারাবাহিক বানাই’: আলভী আহমেদ

ধারাবাহিকের প্রতি ক্রমশ ‘বিরক্ত’ হয়ে পড়ছেন নির্মাতা আলভী আহমেদ। আগ্রহ না থাকলেও ‘স্রেফ টাকা’র জন্য ধারাবাহিক নির্মাণ করছেন বলে গ্লিটজকে জানিয়েছেন তিনি। 

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 05:17 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

“শিল্প করার জন্য একঘণ্টা, আর পেট চালানোর জন্য ধারাবাহিক”- নাটক নিয়ে এমনই মন্তব্য আলভীর। 

ক্ষুব্ধ আলভী বলেন, “একঘণ্টার নাটক বানিয়ে তো তেমন টাকাপয়সা পাই না। তাই বাধ্য হয়ে ধারাবাহিক বানাই। অন্য নির্মাতাদের অবস্থাও তাই। ধারাবাহিকের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে সবারই। ফলাফল, দর্শক ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”

আলভীর মতে, অধিকাংশ নাটক নির্মাতাই প্রথমে সিনেমা বানাতে চেয়েছিল। ব্যর্থ হয়ে এখন নাটক বানাচ্ছে।

বিজ্ঞাপন ইস্যুতেও ‘মহাবিরক্ত’ আলভী।

তিনি বলেন, “বিজ্ঞাপনের ব্যাপারে চ্যানেলগুলো একেবারে নাছোড়বান্দা। এদের বলে-কয়ে কোনো লাভ হয় না। বিজ্ঞাপন ও নাটক প্রচারের সময়সীমাও নির্ধারণ করছে না তারা। আসলে বিষয়টি নিয়ে প্রযোজকদেরও সচেতন হওয়া উচিত। তা না হলে চ্যানেলগুলো একপর্যায়ে দর্শক হারিয়ে ফেলবে।”

ধারাবাহিকের ব্যাপারে শিল্পীদের অনীহার কথা স্বীকার করে আলভী বলেন, “ধারাবাহিকগুলোতে সব শিল্পীকে সমান গুরুত্ব দেওয়া সম্ভব না। শিল্পীরা তা মানবে কেন? আমার সর্বশেষ ধারাবাহিকেই এমনটা হয়েছে। তবে পুরো ব্যাপারটি আমি ম্যানেজ করে নিয়েছি।”

চলতি ধারাবাহিকগুলোর গল্প ‘বেশ দুর্বল’ ও ‘একই ধাঁচে’র বলেও মন্তব্য করেন তিনি।

ঈদের জন্য তিনটি এক ঘণ্টার নাটক নির্মাণ করেছেন আলভী। এগুলো হল ‘শুধু এ কারণে পালাতে চাই’, ‘সুখে থেকো রেণু আপা’ এবং ‘নেশা লাগা স্বপ্ন’।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন বন্ধুর প্রেম ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘শুধু এ কারণে পালাতে চাই’। এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সাজ্জাদ, মিলি ও প্রণব।

অসম প্রেমের গল্প নিয়ে নাটক ‘সুখে থেকো রেণু আপা’য় অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সাদিয়া ইসলাম মৌ ও সাজ্জাদ।

‘নেশা লাগা স্বপ্ন’ নাটকে প্রতারক প্রেমিক ও স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির। তার বিপরীতে অভিনয় করেছেন ফারহানা মিলি এবং প্রভা।

আলভী জানান, খুব শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে নতুন ধারাবাহিক ‘শূন্য থেকে শুরু’। এরই মধ্যে এর ৩০ পর্বের শুটিং শেষ করেছেন তিনি। থ্রিলারধর্মী এ ধারাবাহিকে অভিনয় করেছেন রিচি সোলায়মান, প্রভা, ফারহানা মিলি, অপর্ণা, ঈষানা, নোভা, ফারহানা ইভা, শ্যামল মাওলা, আরফান নিশো, সমাপ্তি ওয়াদুদ, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।

২০০৬ সালে ‘স্টেশন ৭১’ নাটকের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এ পর্য,ন্ত তিনি ৯০টি নাটক পরিচালনা করেছেন। এর মধ্যে ১০টি ধারাবাহিক। আলভী পরিচালিত সর্বশেষ ধারাবাহিক ‘টিট ফর ট্যাট’।