শেক্সপিয়ারের নাটকে কাম্বারব্যাচ
শেক্সপিয়ারের নাটকে অভিনয় করবেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। তবে মঞ্চে নয়, এই নাটকটি প্রচারিত হবে বিবিসি টু চ্যানেলে।
দ্য গার্ডিয়ান জানায়, বিবিসি টুর ‘নিল স্ট্রিট প্রোডাকশনস ফিল্ম’ কোম্পানি সম্প্রতি এক বিবৃতিতে এই খবর প্রকাশ করেছে। এছাড়াও শেক্সপিয়ারের ঐতিহাসিক নাটক ‘হেনরি সিক্স’-এ অভিনয় করবেন কাম্বারব্যাচ।
এই নাটকের মাধ্যমে টিভিতে অভিষেক ঘটবে ব্রিটেনের ‘রয়াল কোর্ট’ থিয়েটারের পরিচালক ডমিনিক কুকের।
এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কাম্বারব্যাচ বলেন, “কুকের সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এমন একটি বিপজ্জনক এবং মজার চরিত্রে কাজ করার অভিজ্ঞতা দারুণ হবে।”
শেক্সপিয়ারের এই নাটকের মূল চরিত্র রিচার্ড থ্রির ভূমিকায় এর আগে অভিনয় করেছেন অ্যাল পাচিনো, লরেন্স অলিভিয়া এবং স্যার ইয়ান ম্যাককেলেনের মতো অভিনেতারা।
এদিকে চলতি বছরের শেষের দিকে লন্ডনের ওয়েস্ট এন্ড মন্স পাড়ায় একই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাম্বারব্যাচের ‘শার্লক’ সহশিল্পী মার্টিন ফ্রিম্যানকে।
শেক্সপিয়ারের আরও একটি নাটকে অভিনয় করার সুযোগ শীঘ্রই পাবেন কাম্বারব্যাচ। আসছে অগাস্ট মাসে লন্ডনে মঞ্চস্থ হবে শেক্সপিয়ারের নাটক ‘হ্যামলেট’, যেখানে মূল ভূমিকায় অভিনয় করবেন তিনি।
‘রিচার্ড থ্রি’ হল শেক্সপিয়ারের লেখা সবচেয়ে জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম। ধারণা করা হয়, ১৫৯৩ সালের কোনো এক সময়ে এটি লিখেছিলেন শেক্সপিয়ার। ১৬৯৭ সালে নাটকটি মুদ্রণ করা হয়।
অনেক দিক থেকেই এই নাটকটি ছিল শেক্সপিয়ারের অন্য নাটকগুলো থেকে ভিন্ন। এখানে নাটকের মূল চরিত্র ইংল্যান্ডের রাজা রিচার্ড থ্রি ছিলেন একজন স্বৈরাচারী রাজা।
নাটক ছাড়াও কাম্বারব্যাচ এখন ব্যস্ত আছেন হলিউডি সিনেমার কাজে। চলতি বছরে তিনি কাজ করবেন ‘দ্য লস্ট সিটি অফ জেড’ এবং ‘ব্লাড মাউন্টেইন’ সিনেমার।
