‘ফ্রেন্ডস’ নিয়ে ব্রডওয়ে মিউজিক্যাল
নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’-কে ব্রডওয়ে মিউজিক্যালে রূপান্তরের পরিকল্পনা করছেন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ১৯৯৪ সালে শুরু হওয়া জনপ্রিয় ওই টিভি সিরিজকে একটি ব্রডওয়ে মিউজিক্যালে রূপান্তরের পরিকল্পনা করছেন সিরিজটির অন্যতম অভিনেত্রী অ্যানিস্টন।
ওই ব্রডওয়ে মিউজিক্যালে থাকবেন আরেক হলিউডি অভিনেত্রী এবং সংগীতশিল্পী লিয়া মিশেল। অ্যানিস্টন চাইছেন তার বান্ধবী সংগীতশিল্পী শেরিল ক্রোও এখানে থাকুন।
কন্টাক্টমিউজিকের সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, ফ্রেন্ডস সিরিজ নিয়ে ব্রডওয়ে মিউজিক্যাল নির্মাণের বিষয়ে ইতোমধ্যেই দারুণ আগ্রহ প্রকাশ করেছেন অ্যানিস্টন।
মূলত নব্বইয়ের দশকের স্টাইলের একটি ব্রডওয়ে মিউজিক্যাল নির্মাণ করতে চাইছেন অ্যানিস্টন। আর এ বিষয়ে অ্যানিস্টন শেরিল ক্রোর সঙ্গে কথাও বলেছেন। তবে পুরান অভিনয় শিল্পীদের নিয়ে এটি নির্মাণ করতে চাইছেন না তিনি।
সংবাদমাধ্যমটি জানায়, ১৯৯৪ সালের সিরিজটির জন্য নব্বইয়ের দশকের মিউজিক এবং গান ব্যবহার করা হবে। থিম পুরান হলেও অভিনয়ের জন্য পুরোপুরি নতুন মুখদেরকেই প্রাধান্য দেওয়া হবে।
১৯৯৪ সালের ২২ সেপ্টেম্বর এনবিসিতে প্রচার শুরু হয় সিরিজটি। ২০০৪ সালে ইতি ঘটে জনপ্রিয় এই সিরিজের। ডেভিড কারেন এবং মার্টা কফম্যানের পরিচালনায় নির্মিত হয় এ সিরিজ।
সিরিজটিতে একই বাড়িতে ছয় বন্ধুর কাহিনি তুলে ধরা হয়েছিল।
র্যাচেল, মনিকা, ফিবি, জো, চ্যান্ডলার এবং রোস এই ছয় বন্ধুর মধ্যকার সম্পর্ক, প্রেম এবং সম্পর্কে ফাটল এই সব বিষয়ই কমেডির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছিল ১০ বছর ধরে চলা ওই টিভি সিরিজে।
ওই সময়ে অন্যতম জনপ্রিয় সিরিজ ছিল ‘ফ্রেন্ডস’। শেষ হয়ে যাওয়ার ১০ বছর পরেও সিরিজটির জনপ্রিয় এতটুকুও কমেনি বলে মনে করছেন অ্যানিস্টন।
