‘সিকারিও’ সিনেমায় ব্লান্ট
হলিউডি পরিচালক ডেনিস ভিলেনুভা পরিচালিত থ্রিলার সিনেমা ‘সিকারিও’-তে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট ।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানায়, ৩১ বছর বয়সী ওই অভিনেত্রী অ্যাকশন থ্রিলারভিত্তিক সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন।
অ্যারিজোনার টুসোনের একজন পুলিশ অফিসারের জীবনের ঘটনাকে ঘিরে নির্মিত হবে ‘সিকারিও’। ওই অফিসার মেক্সিকান সীমান্ত পার হয়ে এক মাদক ব্যবসায়ীকে ধরার জন্য দুজন বিদেশি সৈনিকের সাহায্য নিয়েছিলেন।
ভিলেনুভা চলতি বছর গ্রীষ্মেই শুরু করবেন ‘সিকারিও’ সিনেমার শুটিং। এরপরই তিনি শুরু করবেন তার সায়েন্স ফিকশন ‘দ্য স্টোরি অফ ইওর লাইফ’ সিনেমার কাজ।
টেড চিয়াংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এমি অ্যাডামস।
ব্লান্ট বর্তমানে টম ক্রুজের সঙ্গে ‘এজ অফ টুমরো’ এবং ডিজনির লাইভ মিউজিকাল সিনেমা ‘ইনটু দ্য উডস’-এর শুটিং নিয়ে ব্যস্ত।
ডগ লিয়ামের পরিচালিত ‘এজ অফ টুমরো’ একটি সায়েন্স ফিকশনভিত্তিক সিনেমা। সিনেমাটি ৩০ মে মুক্তির প্রতীক্ষায় রয়েছে।
অন্যদিকে ‘ইনটু দ্য উডস’ পুরোপুরি ভিন্নধর্মী একটি সিনেমা। রব মার্সালের পরিচালিত মিউজিকাল ড্রামাভিত্তিক সিনেমা এটি। সিনেমাতে আরও অভিনয় করছেন মেরিল স্ট্রিপ, জেমস করডেন এবং অ্যানা কেনড্রিক। সিনেমাটি চলতি বছর বড়দিনের মৌসুমে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।
৩১ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী ব্লান্ট তার ক্যারিয়ার শুরু করেন মঞ্চ নাটকের মাধ্যমে। ২০০৪ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘মাই সামার অফ লাভ’। সমকামী প্রেম নিয়ে তৈরি ওই সিনেমার মাধ্যমেই অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়ে দেন ব্লান্ট; জিতে নেন ‘ইভনিং স্ট্যান্ডার্ড ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ড’-এর ‘মোস্ট প্রমিসিং নিউকামার’-এর খেতাব। পরের বছর টেলিভিশন ড্রামা সিরিজ ‘গিডিয়ন’স ডটার’-এ অভিনয় করে জিতে নেন ক্যারিয়ারের প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার।
১০ বছরের ক্যারিয়ারে ব্লান্ট জিতে নিয়েছেন বাফটার ‘ব্রিটিশ আর্টিস্ট অফ দ্য ইয়ার’-এর মতো পুরস্কার। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হল, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ (২০০৬), ‘ইয়াং ভিক্টোরিয়া’ (২০০৯), ‘দ্য অ্যাডজাস্টমেন্ট ব্যুরো’ (২০১১) এবং ‘লুপার’ (২০১২)। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘আর্থার নিউম্যান’; ২০১৩ সালের ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা কলিন ফার্থ।
