২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেম কাঁটা’য় নীর

‘প্রেম কাঁটা’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন রোমানা ইসলাম নীর। এ সিনেমায় তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। মার্চের শেষ সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন মামনুন হাসান ইমন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 04:52 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

শাহজাহান সিপাহী পরিচালিত এ সিনেমাতে নীর অভিনীত চরিত্রের নাম ‘মুক্তি’। আর ইমন অভিনীত চরিত্রের নাম ‘স্বাধীন’।

এতে দেখা যাবে, গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে মুক্তি চাকরি নেন জমিদার পরিবারে। মুক্তিকে ভালো লেগে যায় জমিদারের। কিন্তু মুক্তি ভালোবাসেন জমিদারবাড়ির কর্মচারী স্বাধীনকে। তাদের ভালোবাসার কথা জানতে পেরে জমিদার সিদ্ধান্ত নেন, যে কোনো উপায়ে তিনি মুক্তিকে বিয়ে করবেন।

সিনেমাটিতে জমিদারের ভূমিকায় অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু।

নীর গ্লিটজকে জানান, ইতোমধ্যে সিনেমার শুটিং গাজীপুরে শুরু হয়েছে। গাজীপুরের বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যায়ন হবে।

‘প্রেম কাঁটা’ ছাড়া বর্তমানে নীর অভিনয় করছেন ‘পাগল পাগল মন’ সিনেমাতে। আনোয়ার সিরাজী পরিচালিত এ সিনেমায় তার অভিনীত চরিত্রের নামও ‘নীর’। এতে তার বিপরীতে আছেন আরিয়ান শাহ্।

নীর জানিয়েছেন, এ সিনেমার শুটিং প্রায় শেষ পর্যায়ে। ডাবিংয়ের কাজ শেষ হলে এটি সেন্সরে যাবে।

এদিকে নীর অভিনীত তৃতীয় সিনেমা ‘ভালোবাসলে দোষ কী তাতে’ সেন্সরে জমা পড়েছে। ঈদুল ফিতরের আগে সিনেমাটি মুক্তির কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সেন্সরে যাওয়ার দিন গুণছে তার দ্বিতীয় সিনেমা ‘স্বজনহারা’। রুহুল আমিন পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন জয় চৌধুরী।

২০১২ সালে মাহবুব আলমের ‘আড়ং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন নীর। কিন্তু কারিগরি সমস্যার কারণে সিনেমাটি এখনও মুক্তি পায়নি।