শোকাহত ওয়াহিদা রেহমান
প্রিয় বান্ধবীর পাশে ৫৫ বছর ধরে থাকার পর অভিনেত্রী নন্দার মৃত্যুতে শোকাহত হয়েছেন অভিনেত্রী ওয়াহিদা রেহমান।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে তিনি বলেন, বন্ধু হিসেবে খুবই বিশ্বস্ত এবং যত্নশীল ছিলেন নন্দা। ক্যারিয়ারের ব্যস্ততাকে কখনও তাদের বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে দেননি তিনি।
২৫ মার্চ মঙ্গলবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান নন্দা। ৭৫ বছর বয়সী নন্দা জীবনের শেষ সময়গুলোতে কাছের মানুষ ছাড়া কারও সঙ্গে মেলামেশা করেননি। সেই ‘কাছের মানুষ’দের অন্যতম ছিলেন ওয়াহিদা।
ওয়াহিদা রেহমান জানান, এর আগে ২২ মার্চ শনিবার সারাদিন তিনি কাটিয়েছিলেন প্রিয় বান্ধবীর সঙ্গে। কিন্তু কোনোভাবেই নন্দাকে অসুস্থ হতে দেখেননি তিনি।
ওয়াহিদা বলেন, “পরিচালক বিজয় আনন্দের ‘কালা বাজার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করার পর থেকে আমাদের বন্ধুত্ব হয়; যে বন্ধুত্বের বয়স ছিল ৫৫ বছর। বিয়ের পরে আমাদের বান্ধবীরা প্রায় সকলেই ব্যস্ত হয়ে পড়েন সংসার নিয়ে, কিন্তু নন্দা আর আমার বন্ধুত্ব ছিল অটুট।”
তিনি আরও বলেন, দুজনের ব্যক্তিত্ব ছিল অনেক আলাদা। তবে বন্ধুত্বে এর প্রভাব পড়েনি কখনও।
তিনি বলেন, “আমাদের মধ্যে অমিল অনেক বেশি ছিল। হয়তো এই কারণেই আমাদের সম্পর্ক ছিল এত গভীর।”
ক্যারিয়ারের এক পর্যায়ে এসে নন্দা নিজেকে গুটিয়ে ফেলেন পুরোপুরি। জনসম্মুখে বের হতেন না কখনও, এমনকি কোথাও বেড়াতেও যেতেন না।
তবে ওয়াহিদা জানান, অন্য কোথাও না গেলেও ব্যাঙ্গালুরুতে তার বাড়িতে নিয়মিত বেড়াতে যেতেন নন্দা। দুই বান্ধবী মিলে রান্না করতেন মজার কিছু।
বলিউডে দুই নায়িকার মধ্যে এ ধরনের বন্ধুত্বের দেখা পাওয়া দুষ্কর। কারণ প্রতিনিয়ত এখানে নায়িকাদের মধ্যে চলছে ইঁদুর দৌড়ে জেতার প্রতিযোগিতা।
কিন্তু ওয়াহিদার মতে, পেশাগত প্রতিযোগী মনোভাব কখনও তাদের বন্ধুত্বের মাঝে আসেনি।
তিনি বলেন, “আমি এবং নন্দা দুজনেই ভাগ্যে বিশ্বাস করতাম। আমরা মানতাম, যদি কোনো কাজ আমার ভাগ্যে লেখা থাকে তা আমি এমনিতেই পাব। এমন অনেকবারই হয়েছে, যখন আমি কোনো সিনেমায় কাজ করতে রাজি হইনি কিন্তু পরবর্তীতে ওই কাজটি নন্দা করেছেন।”
এ প্রসঙ্গে ওয়াহিদা বলেন, “আমরা দুজন কখনও কাজ নিয়ে কথা বলতাম না। মনেপ্রাণে আমরা দুজনই ছিলাম সাদামাটা এবং সংস্কৃতিমনা ভারতীয় নারী। গ্ল্যামারাস চরিত্রে অভিনয়ের চাইতে আমরা নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে মেলে এমন চরিত্রে অভিনয় করতে চাইতাম।”
একা থাকতে পছন্দ করতেন নন্দা, অপরদিকে ঘুরে বেড়ানো ছিল ওয়াহিদার শখ। এরপরেও দুজনের মনের মিল ছিল অনেক বেশি।
৭৭ বছর বয়সী ওয়াহিদার মতে, সময়ের অনেক আগেই বিদায় নিয়েছেন অভিনেত্রী নন্দা। আরও অনেক কিছু পাওয়ার অধিকার ছিল তার।
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নন্দা অভিনয় করেছেন, ‘ছোটি বাহেন’, ‘জোরু কা গুলাম’, ‘নিন্দ মেরে খোওয়াব তুমহারে’, ‘ইত্তেফাক’, ‘পতি-পত্নী’র মতো সিনেমায়।
১৯৯৫ সালে অভিনয় থেকে অবসর নেন নন্দা।
