নতুন বায়োপিকে এলেন পেইজ
কমেডিয়ান জন বেলুশির বায়োপিকে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে পারেন এলেন পেইজ।
কন্টাক্টমিউজিক জানায়, প্রয়াত অভিনেতা বেলুশিকে নিয়ে এই সিনেমাটি নির্মিত হবে তার স্ত্রী জুডি বেলুশির লেখা বই অবলম্বনে।
এতে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে পেইজকে, তবে এখনও চুক্তি স্বাক্ষর করেননি তিনি।
যদি এই সিনেমায় কাজ করতে রাজি হন পেইজ, তবে তাকে দেখা যাবে অভিনেতা এমিল হিরশের বিপরীতে। বেলুশির ভূমিকায় অভিনয় করবেন তিনি।
বেলুশির এই বায়োপিক পরিচালনা করবেন ‘দ্য সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটি’-খ্যাত চিত্রনাট্যকার স্টিভ কনরাড। এর চিত্রনাট্যও লিখবেন তিনি।
সত্তর থেকে আশির দশকের শুরু পর্যন্ত আমেরিকার একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা ছিলেন বেলুশি।
এনবিসির অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’এ কাজ করে সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছিলেন তিনি।
তিনি কমেডি মুভি ‘অ্যানিম্যাল হাউজ’-এ অভিনয় করেন।
১৯৮২ সালে অতিমাত্রায় কোকেইন এবং হিরোইন সেবনের ফলে মারা যান বেলুশি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল তেত্রিশ বছর।
বেলুশির এই বায়োপিকে তুলে ধরা হবে সত্তর দশকের শেষের দিকের কাহিনি, যখন খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন বেলুশি।
অভিনেতা এমিল হিরশ অ্যাডভেঞ্চার মুভি ‘ইনটু দ্য ওয়াইল্ড’-এ অভিনয় করেছেন। তিনি আরও অভিনয় করেছেন ‘মিল্ক’, ‘স্যাভেজেস’, ‘স্পিড রেসার’, ‘দ্য মোটেল লাইফ’-এর মতো সিনেমায়।
টিভি মিনিসিরিজ ‘বনি অ্যান্ড ক্লাইড’-এ বনির ভূমিকায় অভিনয় করছেন হিরশ।
কানাডিয়ান অভিনেত্রী এলেন পেইজ পরিচিতি পান ‘জুনো’ সিনেমায় অভিনয় করে। ‘হার্ড ক্যান্ডি’, ‘স্মার্ট পিপল’, ‘হুইপ ইট’, ‘সুপার’, ‘এক্স মেন- দ্য লাস্ট স্ট্যান্ড’, ‘দ্য ইনসেপশন’-এর মতো সিনেমায় অভিনয় তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা।
২৭ বছর বয়সী এই অভিনেত্রী ‘জুনো’তে অভিনয়ের জন্য অস্কারের মনোনয়ন পেয়েছিলেন।
২০১৪ সালে পেইজ অভিনয় করেছেন ‘এক্স মেন: ডেইজ অফ দ্য ফিউচার পাস্ট’ সিনেমায়। যা মুক্তি পাবে ২৩ মে।
দ্য র্যাপ ডটকম জানায়, চলতি বছরের শেষের দিকে নিউ ইয়র্কে শুরু হবে বেলুশির বায়োপিকের শুটিং।
