২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশাবাদী লিওনি

সানি লিওনি অভিনীত সদ্যমুক্তিপ্রাপ্ত বলিউডি হরর সিনেমা ‘রাগিনি এমএমএস টু’ দেখার পর দর্শক তার অভিনয়ের প্রশংসা করবে বলে আশা করেন ওই অভিনেত্রী।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 07:02 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়, ‘রাগিনি এমএমএস টু’-তে নিজের অভিনয় নিয়ে দারুণ আশাবাদী লিওনি। বলিউডে তার যাত্রার শুরু থেকেই ‘পর্নস্টার’ খেতাবের জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন লিওনি। অভিনয়ের দুর্বলতার জন্য আরও বেশি সমালোচিত হন তিনি।

সে কারণেই লিওনি তার নতুন সিনেমার মধ্য দিয়ে দর্শকদের এই ধারণার পরিবর্তন আনতে চাইছেন। ‘রাগিনি এমএমএস টু’ সিনেমায় নিজের অভিনয় নিয়ে সন্তুষ্ট তিনি।

গাইতি গ্যালাক্সি থিয়েটারে ২১ মার্চ সিনেমার প্রচারণায় দর্শকদের সঙ্গে দেখা করতে যান লিওনি।

লিওনি বলেন, “আমি জানি না সমালোচকদের মুখ বন্ধ করতে পারব কিনা। যারা আমাকে নিয়ে আজে বাজে কথা বলেন, আশা করছি সিনেমাটি দেখার পর তারা ধারণা পাল্টে ফেলবেন।”

ইন্দো-কানাডিয়ান সাবেক পর্নোতারকা লিওনি ২০১২ সালে পূজা ভাটের পরিচালনায় ‘জিসম টু’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। এরপর ২০১৩ সালে তিনি অভিনয় করেন ‘জ্যাকপট’ সিনেমায়। দুটি সিনেমাই বক্স অফিসে মোটামুটি ব্যবসা করলেও লিওনি তার আনাড়ি অভিনয়ের জন্য হাসির পাত্র হয়েছেন অনেকের কাছেই। তবে ‘রাগিনি এমএমএস টু’ সিনেমায় নিজের অভিনয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি।

লিওনি বলেন, “সিনেমাটিতে আমার অভিনয় আগের চাইতে অনেক ভালো হয়েছে, এ বিষয়ে আমার নিজের উপর বিশ্বাস আছে। ক্যামেরার সামনে এখন আর অস্বস্তি লাগে না আমার।”

লিওনির ভাষ্য অনুযায়ী ক্লাইমেক্স দৃশ্যগুলোর শুটিং নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছিল তাকে।

লিওনি বলেন, “আমি কোনো ডুপ্লিকেট ব্যবহার করিনি তাই অনেকবারই বেশ কিছু দৃশ্যে অভিনয়ের সময় হাতে পায়ে আঘাত লাগে এবং কেটে যায়।”

ভূষণ পাটেলের পরিচালনায় একতা কাপুরের প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।