নতুন বায়োপিকে গসলিং
হলিউডি পরিচালক বাজবি বার্কলির বায়োপিকে অভিনয় করতে পারেন রায়ান গসলিং। সেইসঙ্গে সিনেমাটি পরিচালনা এবং প্রযোজনাও করতে পারেন তিনি।
কন্টাক্টমিউজিক জানায়, সিনেমাটি এখনও আলোচনার পর্যায়ে আছে। তবে এটি প্রযোজনা করার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন গসলিং।
এর কাহিনি গড়ে উঠবে লেখক জেফরি স্পিভাকের বই ‘বাজ: দ্য লাইফ অ্যান্ড আর্ট অফ বাজবি বার্কলি’ অবলম্বনে, জানিয়েছে দ্য র্যাপ ডটকম।
তবে এর জন্য এখনও কোনো চিত্রনাট্য লেখককে চূড়ান্ত করেননি প্রযোজকরা।
বাজবি বার্কলি হলেন হলিউডের সেই নির্মাতা এবং কোরিওগ্রাফার, যাকে সর্বকালের সবচেয়ে প্রভাবশালী হলিউডি ব্যক্তিত্বদের মধ্যে একজন ভাবা হয়। উনিশ শতকের শুরু থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি সিনেমা নির্মাণের পাশাপাশি কোরিওগ্রাফি করেছেন।
১৯২০ সালের দিকে, ব্রডওয়ে মিউজিক্যালে নিয়মিত ছিলেন বার্কলি। তার কোরিওগ্রাফ করা সবচেয়ে জনপ্রিয় মিউজিক্যাল হল ‘দ্য কানেক্টিকাট ইয়াঙ্কি’।
মূলত কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক্যাল ফিল্ম পরিচালনা করেছিলেন বার্কলি।
এদিকে অভিনেতা রায়ান গসলিং অভিনয় শুরু করেন শৈশব থেকেই, ১২ বছর বয়সে মিকি মাউস ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। এরপর ১৯ বছর বয়সে মুক্তি পায় তার প্রথম হলিউডি সিনেমা ‘রিমেম্বার দ্য টাইটানস’।
তবে গসলিংয়ের সবচেয়ে জনপ্রিয় সিনেমা ছিল ২০০৪ সালে মুক্তি পাওয়া রোমান্টিক ড্রামা ‘দ্য নোটবুক’।
অভিনয়ের পাশাপাশি ২০০৭ সাল থেকে সংগীতচর্চা করছেন গসলিং। এক বন্ধুর সঙ্গে মিলে ইন্ডি রক ব্যান্ড ‘ডেড ম্যানস বোনস’ গঠন করেন তিনি। একই নামে ২০০৯ সালে মুক্তি পায় তাদের প্রথম স্টুডিও অ্যালবাম।
গসলিং এতদিন পরিচিত ছিলেন তার অভিনয় এবং সংগীতপ্রতিভার জন্য। এবার তাকে দেখা যাবে একজন পরিচালক হিসেবেও।
চলতি বছর মুক্তি পাবে ফ্যান্টাসি মুভি ‘হাও টু ক্যাচ এ মনস্টার’, যা পরিচালনা করেছেন গসলিং। আর পরিচালক হিসেবে এটাই হবে তার প্রথম সিনেমা। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন গসলিং নিজে।
এতে অভিনয় করবেন তার প্রেমিকা ইভা মেন্ডেজসহ ক্রিস্টিনা হেন্ড্রিকস এবং ম্যাট স্মিথ। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনও নিশ্চিত নয়।
