উত্তরাঞ্চলের গান নিয়ে ‘উত্তরের গান’
উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলের গান নিয়ে বুধবার জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হবে ‘উত্তরের গান’। সাংস্কৃতিক সংগঠন আরশীনগরের আয়োজনে এ অনুষ্ঠানে গাইবে সংগঠনের উত্তরাঞ্চলবাসী শিশুশিল্পীরা।
শাহবাগের প্রজন্ম চত্বরে বুধবার সকাল ১১টায় শুরু হবে আয়োজনের প্রথম সেশন। এ সেশনে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র প্রদর্শিত হবে। এর পাশাপাশি শিশুশিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানের ছবি নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করেছে আরশীনগর।
বিকাল ৪টায় প্রজন্ম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হবে। এটি টিএসসি চত্বর প্রদক্ষিণ করে আবার প্রজন্ম চত্বরে ফিরে আসবে।
বিকাল ৫টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুন্দেমু।
‘উত্তরের গান’ অনুষ্ঠানে শতাধিক শিশুশিল্পী পরিবেশন করবে বাউল, মুর্শিদি, ভাটিয়ালি ও ভাওয়াইয়া গান। একক পরিবেশনার পাশাপাশি থাকছে দলীয় পরিবেশনা।
২০০৮ সালে অক্টোবরে লালমনিরহাটে যাত্রা শুরু করে আরশীনগর। বাউল গানের প্রেমে পড়ে নরওয়ের নাগরিক উয়েরা সেথের এ প্রতিষ্ঠানের পরিকল্পনা করেন। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় ২৭টি গুরুগৃহ স্থাপন করে তাতে তৃণমূল পর্যায়ের সহস্রাধিক সুবিধাবঞ্চিত শিশুকে বাউল, লালন, মুর্শিদি, ভাটিয়ালি এবং ভাওয়াইয়া গানে দীক্ষা দিতে শুরু করে। এর পাশাপাশি যন্ত্রসংগীতেও তালিম নিতে শুরু করে তারা। শিশুশিল্পীদের নিয়ে তারা তিনটি অডিও সিডি প্রকাশ করেছে। এগুলো হল ‘বিনোদিনী’, ‘মৃত্যু’ ও ‘মুক্ত চিন্তার গান’। শিশুশিল্পীদের প্রশিক্ষণের পাশাপাশি প্রতি বছরই স্থানীয় বাউল ও লোকসংগীতশিল্পীদের নিয়ে তারা লোকসংগীত উৎসব আয়োজন করে।
