চট্টগ্রামে শ্রুতিনাট্য উৎসব
চট্টগ্রামের বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছাসে’-র সাত বছর পূর্তিতে মঙ্গলবার থেকে চার দিনব্যাপী শ্রুতিনাট্য উৎসবের আয়োজন করেছে।
নগরীর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসব অনুষ্ঠিত হবে।
তারুণ্যের উচ্ছাসের প্রচার সম্পাদক রাতুল হাসান গ্লিটজকে বলেন, ১১ মার্চ বিকাল সাড়ে চারটায় উৎসবের উদ্বোধন করবেন আবৃত্তি শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।
উৎসবের প্রথম দিন ঢাকা, চট্টগ্রাম ও চাঁদপুরের আবৃত্তিশিল্পীরা একক আবৃত্তি পরিবেশন করবেন। ভাষা আন্দোলনবিষয়ক আবৃত্তি পরিবেশন করবে তারুণ্যের উচ্ছাস, ত্রিতরঙ্গ আবৃত্তি দল ও নোয়াখালী আবৃত্তি একাডেমি।
ওইদিন চট্টগ্রামের প্রমা আবৃত্তি সংগঠন মঞ্চায়ন করবে শ্রুতিনাটক সোজন বাদিয়ার ঘাট।
উৎসবের দ্বিতীয় ও তৃতীয় দিনে পশ্চিমবঙ্গ, কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলের আবৃত্তিশিল্পী ও কবিরা আবৃত্তি করবেন। থাকবে একাধিক শ্রুতিনাটক ও শিশুদের আবৃত্তি।
উৎসবের শেষ দিন সুহৃদ সম্মিলনে অংশ নেবেন কবি, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সুহৃদ সম্মিলনের পর শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।
