অনলাইনে সবচেয়ে জনপ্রিয় ঐশ্বরিয়া
ভারতীয় নারীদের মধ্যে এখন অনলাইনে সবচেয়ে বেশি জনপ্রিয় নারী বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ইন্টারনেট জায়ান্ট গুগলের প্রকাশিত এক সাম্প্রতিক তালিকা থেকে জানা গেছে এই তথ্য।
মিডডের দেওয়া খবর অনুসারে, নিজ নিজ ক্ষেত্রে সফল ২০ জন ভারতীয় নারীর একটি তালিকা প্রকাশ করেছে গুগল, যাদের গত দুই মাসে অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। ওই তালিকার সবার উপরে আছেন বলিউডি দুই অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবং বিদ্যা বালান। তৃতীয় স্থানে আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব সোনিয়া গান্ধী। সেরা দশের মধ্যে উঠে এসেছেন সাবেক পুলিশ অফিসার কিরন বেদিও।
গুগলের পক্ষ থেকে এ ব্যাপারে এক বিবৃতিতে বলা হয়, “ভারতের ২০ জন সফল নারী, ইন্টারনেটে যাদের সবচেয়ে বেশি খোঁজা হয়। নারী দিবস উপলক্ষে গুগল প্রকাশ করছে এই তালিকা।”
বিবৃতিতে আরও বলা হয়, “এই তালিকার প্রথমেই আছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। দ্বিতীয় অবস্থানে আছেন আরেকজন অভিনেত্রী, বিদ্যা বালান। তিন নম্বরে রয়েছেন ভারতের ইউপিএ প্রধান সোনিয়া গান্ধী। কিরন বেদি এখনও সেরা দশের তালিকায় রয়েছেন। এছাড়া ক্রীড়াঙ্গনের দুই নারী, ব্যাডমিন্টন খেলোয়াড় সায়না নেহওয়াল এবং বক্সার মেরি কম এসেছেন আমাদের এই তালিকায়। আছেন দুজন লেখক, অরুন্ধতী রায় এবং শোভা দে। আরও আছেন চারজন রাজনৈতিক ব্যক্তিত্ব-- জে জয়াললিতা, সোনিয়া গান্ধী, তৃণমূল কংগ্রেস নেতা মমতা ব্যানার্জি এবং বিজেপি নেতা সুষমা স্বরাজ।”
২০১৪ সালের প্রথম দুই মাস, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারির কার্যক্রমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই তালিকা।
২০ জন নারীর এই তালিকায় আরও আছেন নিতা আম্বানি, ডিজাইনার ঋতু কুমার, অভিনেত্রী শাবানা আজমি, ডিজাইনার নিতা লুলা, পরিচালক মিরা নায়ার, প্রযোজক একতা কাপুর, ‘পেপসিকো’ প্রধান ইন্দিরা নুয়ি এবং উত্তর প্রদেশের প্রধানমন্ত্রী আকিলেশ ইয়াদাভের স্ত্রী ডিম্পল ইয়াদাভ।
