এফডিসিতে স্মরণসভা
চিত্রনাট্যকার, কাহিনিকার, গীতিকার এবং বিশিষ্ট সাংবাদিক আহমদ জামান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার এফডিসিতে এক স্মরণসভার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
এ সভায় আরও স্মরণ করা হবে বাচসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত কবি ফজল শাহাবুদ্দীনকে।
গ্লিটজকে এ খবর জানিয়েছেন বাচসাসের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ জেয়াদ।
জেয়াদ গ্লিটজকে জানান, বিকাল ৪টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়ামে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত থাকবেন এফডিসির মহাপরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
এতে আরও উপস্থিত থাকবেন চিত্রনায়িকা ববিতা, রোজিনা, দিলারা জামানসহ বর্ষীয়ান অভিনেতা, অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালকরা।
স্মরণসভায় ‘আহমদ জামান চৌধুরী : ছায়ালোকের ছায়াপুরষ’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। আহমদ জামান চৌধুরীর কর্মময় জীবন নিয়ে ৪৩২ পৃষ্ঠার বইটি লিখেছেন আবদুল্লাহ জেয়াদ। বইটিতে আহমদ জামান চৌধুরীর চলচ্চিত্র সাংবাদিকতা, চিত্রনাট্য, গল্প, সংলাপ ও গীত রচনার যাবতীয় তথ্যের পাশাপাশি তার রচিত চলচ্চিত্রের দুর্লভ স্থিরচিত্র সংযোজন করা হয়েছে।
১৯৭০ সালে সিনেমাবিষয়ক পত্রিকা ‘চিত্রালী’-র মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। এ পত্রিকার সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। চলচ্চিত্রবিষয়ে তার ‘আজাচৌ এর কলাম’ চলচ্চিত্রাঙ্গনে ও পাঠকমহলে সাড়া ফেলেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে শিক্ষকতাও করেছেন তিনি।
চিত্রনায়ক রাজ্জাককে ‘নায়করাজ’ উপাধি তারই দেওয়া।
তার চিত্রনাট্যে নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হল ‘পিচঢালা পথ’, ‘নতুন নামে ডাকো’, ‘নাচরে পুতুল’ ‘বাঁদী থেকে বেগম’, ‘আগুন’, ‘জাদুর বাঁশি’, ‘মাস্তান’, ‘তুফান’, ‘শেষ উত্তর’, ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘শ্বশুরবাড়ি’, ‘মিস লংকা,’ ‘দূরদেশ’।
তার লেখা পাঁচশতাধিক গানের মধ্যে উল্লেখযোগ্য হল ‘পিচঢালা এ পথটারে ভালোবেসেছি’, ‘যেও না সাথী’, ‘নতুন নামে ডাকবো তোমায়’, ‘কে তুমি এলে গো’, ‘এ বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’, ‘চুরি করেছ আমার মনটা’, ‘মাগো তোর কান্না আমি সইতে পারি না’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও’ প্রভৃতি।
১৯৭৫ সালে তিনি ‘বাঁদী থেকে বেগম’ চলচ্চিত্রটি প্রযোজনা করেন।
চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
চিরকুমার মেধাবী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২০১৩ সালের ৪ মার্চ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
