২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমটিভির ‘গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড’ জিতেছেন ওয়াকিল

মিউজিক ভিডিও ‘অমৃত মেঘের বারি’র জন্য এমটিভির ‘গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড’ জিতলেন সংগীতশিল্পী সৈয়দ ওয়াকিল আহাদ। টানা ছয় সপ্তাহ দর্শকের ভোটে মিউজিক ভিডিওটি এমটিভি চার্ট অ্যাটাক অনুষ্ঠানে প্রথম স্থান দখলে রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 06:05 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

গ্লিটজকে এ খবর জানিয়েছেন ওয়াকিল নিজেই।

২০১৩ সালের নভেম্বর মাস থেকে মাছরাঙা টিভিতে প্রচারিত হচ্ছিল এমটিভির গানের অনুষ্ঠান ‘‘এমটিভি প্রোগ্রাম প্লাটফরম ইন বাংলাদেশ’। সে প্রোগ্রামেই ওয়াকিলের কণ্ঠে লালন সংগীত ‘অমৃত মেঘের বারি’ প্রচারিত হয়।

এ অনুষ্ঠানে দর্শকের ভোটে তিনি জিতেছিলেন ‘সিলভার ডিস্ক অ্যাওয়ার্ড’। সে বছরই এমটিভির ফিচারড ট্যালেন্ট হিসেবে নির্বাচিত হন ওয়াকিল।

ওয়াকিল বলেন, “এ অনুষ্ঠানে সব হার্ড রক ও মেটাল গানের ভিড়ে আমার এ গানটি ছিল সত্যিকার অর্থে একটি অদ্ভুতুড়ে সংযোজন। কিন্তু দর্শক শ্রোতা এ শান্তিপূর্ণ গানটি পছন্দ করেছেন এতে আমি অভিভূত এবং কৃতজ্ঞ।”

ওয়াকিল জানান, এ পর্যন্ত ৫টি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন।

সংগীত পরিবারের ছেলে ওয়াকিল আহমেদের গানে হাতেখড়ি বাবার কাছে। এরপর দীর্ঘদিন তালিম নিয়েছেন নজরুল একাডেমিতে। দীর্ঘ সংগীত জীবনে তালিম নিয়েছেন ওস্তাদ সৈয়দ জাকির হোসেন, ওস্তাদ আক্তার সাদমানি, ফুল মোহাম্মদ মিয়ার কাছে। তিনি দেশি ও বিদেশি সংগীতশিল্পীদের সঙ্গে জ্যাজ, ব্লুজ, সুফী, পাশ্চাত্য এবং ভারতীয় ধ্রুপদী অঙ্গের সংগীত নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করেছেন। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বাউলদের সঙ্গে লোকগান নিয়ে গবেষণা করেছেন তিনি। নিজের লেখা ও সুর করা বেশ কিছু বাউল ঘরানার গানের সাথে পাশ্চাত্য বাদ্যযন্ত্রের ফিউশন ঘটিয়েছেন তিনি। ‘ওয়াকিলের গান’ এবং ‘‘প্রজেক্ট ৩৬৫’ নামে তার দুটি অ্যালবামে এ ধরনের বেশকিছু গান রয়েছে। একক অ্যালবামের পাশাপাশি তিনি বেশকিছু মিক্সড অ্যালবামের জন্যও গান গেয়েছেন। সম্প্রতি তিনি ‘নমুনা’ চলচ্চিত্রের জন্য ৫টি গান গেয়েছেন।

গান গাওয়ার পাশাপাশি তিনি ১৫০০ গান লিখেছেন। এসব গানে প্রকৃতি, মানুষের মনোজগত, সম্পর্ক ও সামাজিক নানা ইস্যুর কথা ফুটে উঠেছে। ওয়াকিল বিভিন্ন ধরনের তালযন্ত্র, দোতারা এবং বাঁশি বাদনেও পারদর্শী।