২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরি-মেয়ারের সম্পর্ক ভাঙল

দুই বছর ধরে সম্পর্ক ভাঙাগড়ার পর এবার চূড়ান্তভাবে প্রেমের ইতি টানলেন সংগীতশিল্পী জুটি কেটি পেরি এবং জন মেয়ার।

জেনিফার ডি প্যারিস

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 04:33 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই জুটির। ফেব্রুয়ারির শুরুতেও পেরির আঙুলে দেখা গেছে বাগদানের আংটি। এমনকি শোনা যাচ্ছিল গ্রীষ্মের মাঝামাঝি বিয়ে সারবেন এই জুটি।

কিন্তু বিয়ের পরিকল্পনা বাতিল করে এবার সম্পর্ক ভাঙলেন তারা। প্রায় দুই বছর ধরে মিলন-পুনর্মিলনের মাধ্যমে চলা এই সম্পর্ককে পেরি এবং মেয়ার এবার চূড়ান্তভাবে ভেঙেছেন বলে জানিয়েছে ব্যাং শোবিজ।

ই!নিউজ জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকেই মেয়ারের সঙ্গে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন পেরি।

তবে কেন তাদের সম্পর্ক ভাঙল তা এখনও জানা যায়নি। কারণ এ বিষয়ে এখনও মুখ খুলতে রাজি নন দুজনের কেউই।

২০১২ সাল থেকে মেয়ারের সঙ্গে প্রেম করছেন পেরি। এরই মধ্যে ২০১৩ সালের মার্চে কিছুদিনের জন্য ভাঙনের পথে হেঁটেছিলেন এই জুটি। অবশ্য খুব শীঘ্রই পুনর্মিলন ঘটে তাদের।

সম্প্রতি একসঙ্গে একটি গানও রেকর্ড করেছিলেন পেরি এবং মেয়ার। ‘হু উ লাভ’ নামের এই গান মেয়ারের নতুন অ্যালবাম ‘প্যারাডাইস ভ্যালি’তে প্রকাশিত হয়েছে।

২০১৩ সালে গুঞ্জন উঠেছিল, বিয়ের আগেই সন্তান নিতে চাচ্ছেন এই জুটি। মা হওয়ার জন্য কেটির ব্যাপক আগ্রহের কারণে দ্রুত বিয়ে সেরে ফেলার পরিকল্পনাও করেছিলেন তারা।

মেয়ারের আগে কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ডের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন পেরি। বিয়ের ১৪ মাসের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে।

৩৬ বছর বয়সী জন মেয়ার এর আগে প্রেম করেছেন বেশ কয়েকজন হলিউডি সুন্দরীর সঙ্গে। এদের মধ্যে রয়েছেন জেনিফার লাভ হিউয়িট, জেসিকা সিম্পসন, জেনিফার অ্যানিস্টন এবং টেইলর সুইফট।