শেষ হল ‘বাংলাদেশ ফার্স্ট’
শুধু বাংলাদেশ নিয়ে দেশের প্রথম কুইজভিত্তিক টিভি রিয়েলিটি শো “বাংলাদেশ ফার্স্ট”- এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হল মঙ্গলবার।
মাতৃভূমি সম্পর্কে আরও বেশি করে জানানোর জন্য এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে সবচাইতে বেশি নাম্বার পেয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ফার্স্ট সিজন-১ – এ প্রথম স্থান অধিকার করে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। বিজয়ী দুজন হচ্ছে জাহিদুল ইসলাম ও পার্থ সারথী সাহা। সমান নাম্বার পেয়ে যৌথভাবে রানার-আপ হয় প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজের সামিন ইয়াসের ও কিঞ্জল লাবণ্য হায়দার এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের রিফাত জাহান বিভা ও আসমাউল হাসান তামান্না।
বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে সাজানো এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. নুরুল ইসলাম নাহিদ। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন চ্যাম্পস টুয়েন্টি ওয়ান ডট কম এর সিইও রাসেল টি আহমেদ, মাছরাঙা টেলিভিশনের হেড অফ ইভেন্টস কবির বকুল, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের হেড অফ কর্পোরেট এফেয়ারস বিটপী দাশ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রোডাক্ট গ্রুপ ম্যানেজার চৌধুরী হাসান মাযহার।
অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, “এ অনুষ্ঠান থেকে সব মানুষই কিছু না কিছু শিখতে পেরেছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের অনুষ্ঠান আরও বেশি আয়োজন করা উচিত যেন বাংলাদেশের মানুষ আরও বেশি করে জানতে পারে, দেশ সম্পর্কে আরও বেশি উদ্বুদ্ধ হতে পারে।”
বাংলাদেশকে নিয়ে আয়োজিত বলে অনুষ্ঠানের সর্বক্ষেত্রেই ছিল বাংলাদেশের ছোঁয়া। সবচাইতে আকর্ষণীয় ছিল প্রতিযোগিতার সেট। জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবনসহ বিভিন্ন প্রতিকৃতি দিয়ে সাজানো হয় সেটটি।
গত সেপ্টেম্বর মাসে মাছরাঙা টেলিভিশনে শুরু হওয়া এ প্রতিযোগিতায় প্রাথমিকভাবে অংশগ্রহণ করে ৮০০০ শিক্ষার্থী। এদের মধ্য থেকে ৬৪টি টিমে ১২৮ জন প্রতিযোগী নির্বাচিত হয় টিভি রাউন্ডের জন্য। ফাইনালে আসার সুযোগ পায় ৪টি টিম। এরা হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজশাহীর প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজ এবং মির্জাপুর ক্যাডেট কলেজ।
