ওয়ান মিনিট জুনিয়র ফিল্ম ফেস্টিভ্যাল
খুদে নির্মাতাদের এক মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্র নিয়ে বুধবার ঢাকায় শুরু হল ‘দ্য ওয়ান মিনিট জুনিয়র ফিল্ম ফেস্টিভ্যাল’। সকাল সাড়ে দশটায় ঢাকার জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করে খুদে নির্মাতারাই।
চতুর্থবারের মতো এ উৎসবের আয়োজন করেছে চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি)। তিনদিনব্যাপী উৎসবের সহআয়োজক ইউনিসেফ ও অ্যাকশন এইড। এবারের উৎসবের থিম ‘মিডিয়াতে শিশুদের অংশগ্রহণ’।
সিটিএফবি-র কো-অর্ডিনেটর এস. এ. আল মাহমুদ গ্লিটজকে জানান, এবারের উৎসবে সারাদেশ থেকে ৭০ জন খুদে নির্মাতা অংশ নিচ্ছে। তাদের নির্মিত ৭০টি সিনেমা এবারের উৎসবে প্রদর্শিত হবে।
তিনি আরও জানান, ইউনিসেফ, অ্যাকশন এইড ও সিটিএফবির অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন স্থানে ‘দ্য ওয়ান মিনিট জুনিয়র’ শিরোনামে বেশ কটি কর্মশালা পরিচালনা করেছে সিটিএফবি। এসব কর্মশালায় অংশগ্রহণকারী খুদে নির্মাতারা প্রত্যেকেই একটি করে এক মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্র নির্মাণ করেছে। সিনেমাগুলোর চিত্রনাট্য, সেট ডিজাইন, অভিনয় ও ক্যামেরা পরিচালনা-- সবকিছুই করেছে খুদে নির্মাতারা।
আল মাহমুদ জানিয়েছেন, তিন প্রয়াত অভিনেতা আনোয়ার হোসেন, খালেদ খান এবং বেলাল মোহাম্মদের নামে উৎসবের সেশনগুলোর নামকরণ করা হয়েছে।
উৎসবের উদ্বোধনী দিনে সকাল ১১টায় শওকত ওসমান মিলনায়তনে ‘খালেদ খান’ সেশনে ‘চিলড্রেন্স প্রোগ্রাম কন্টেন্ট অন টিভি অ্যান্ড মোবাইল টিভি’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এ সেমিনারে বক্তব্য রাখবেন গাজী টিভির অনুষ্ঠান প্রধান আমিনুল ইসলাম খোকন, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ। দ্বিতীয় সেশন ‘বেলাল মোহাম্মদ’ শুরু হবে সাড়ে ৩টায়। এতে আইরিশ চলচ্চিত্র ‘ব্রেকফাস্ট’ ও বাংলা নাটক ‘শহরের সব গঙ্গাফড়িং’ প্রদর্শিত হবে। এরপর খুদে নির্মাতাদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মোরশেদুল ইসলাম, রতন পাল ও সাজ্জাদ জহির।
উৎসবের মূল আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ‘আনোয়ার হোসেন’ নামে সে সেশনে প্রদর্শিত হবে ঢাকা ও সিলেটের ৪০ জন খুদে নির্মাতার ১ মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্র।
বৃহস্পতিবার সকাল ১১টায় ‘খালেদ খান’ সেশনে ‘টিভি বিজ্ঞাপন শিশুর মানসিক বিকাশে প্রতিবন্ধকতা’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্ল্যান-এর কর্মকর্তা টনি মাইকেল গোমেজ, প্রাণ গ্রুপের মিডিয়া ম্যানেজার সুজন মাহমুদ, ড. মোহিত কামাল, ইউডার প্রভাষক মাহমুদা খান কাকলী। সন্ধ্যা ৬টায় ‘আনোয়ার হোসেন’ সেশনে ৩০ জন খুদে নির্মাতার চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ সেশনে খুদে নির্মাতারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যা ৬টায়। এবার ‘চিলড্রেনস জাজমেন্ট’ ও ‘পাবলিক জাজমেন্ট’ নামে দুটি শাখায় পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আল মাহমুদ।
ইউনিসেফ নেদারল্যান্ডসের ‘দ্য ওয়ান মিনিট জুনিয়র’ নামে এক ক্যাম্পেইনের অনুকরণে ২০০৯ সালের জুন মাসে চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি), চিলড্রেন ফিল্ম সোসাইটি ও ব্র্যাক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরু করে। তাদের লক্ষ্য ছিল, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা নিজেদের কথা তুলে ধরুক। এ লক্ষ্যে তারা শিশুদের জন্য কর্মশালার আয়োজন করে।
এ কর্মশালাতে ছোট গল্প ও স্ক্রিপ্ট তৈরি করা, ভিডিও ক্যামেরা পরিচালনা, অভিনয় দক্ষতা ও এক মিনিটের চলচ্চিত্রের সম্পাদনা বিষয়ে শিশুদের প্রশিক্ষণ দিয়েছে তারা।
গত ৫ বছরে তারা ১৪টি কর্মশালা পরিচালনা করেছে। এতে ২৭৬ জন শিশু অংশ নিয়েছে এবং প্রত্যেকেই নিজের গল্প নিয়ে একটি করে চলচ্চিত্র নির্মাণ করেছে।
খুদে নির্মাতাদের উৎসাহে ২০১০ সাল থেকে ‘দ্য ওয়ান মিনিট জুনিয়র ফিল্ম ফেস্টিভ্যাল’-এর আয়োজন করছে সিটিএফবি।
