মনীষার ভাই রণবীর
নতুন প্রজন্মের অভিনেতা রণবীর কাপুরকে পর্দায় নিজের ভাই হিসেবে দেখতে চান অভিনেত্রী মনীষা কৈরালা।
সম্প্রতি ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে মনীষা বলেন, “আমি অনেকদিন ধরেই রণবীর কাপুরকে দেখছি। তিনি খুবই গুণী শিল্পী। আমার মনে হয় তিনি আমার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করতে পারবেন।”
নতুন প্রজন্মের অভিনেত্রীদের নিয়েও আশাবাদী মনীষা।
তিনি বলেন, “এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে আমার পছন্দের তালিকাটা অনেক বড়। আনুশকা শর্মা থেকে শুরু করে পরিনীতি চোপড়া, সোনাক্ষি সিনহা এমনকি সোনাম কাপুর-- কেউ কারও চেয়ে কম নন।”
নিজের অভিনয়জীবনে মনীষা প্রধান চরিত্রে ছিলেন ‘বোম্বে’, ‘নাইনটিন ফর্টি টু: এ লাভ স্টোরি’ এবং ‘দিল সে’-র মতো কালজয়ী হিন্দি সিনেমায়।
তবে সম্প্রতি নিজের ক্যারিয়ারের জন্য নয়, বরং স্বাস্থ্যগত সমস্যার জন্য নিয়মিত সংবাদে এসেছেন নেপালি ওই অভিনেত্রী।
২০১২ সালের শেষ দিকে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হন মনীষা। একই বছর ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি জমান তিনি। ওখানে একটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হয়ে দেশে ফেরেন ৪৩ বছর বয়সী ওই অভিনেত্রী।
২০১২ সালে ‘ভূত রিটার্নস’ সিনেমায় শেষবারের মতো দেখা গেছে মনীষাকে। এক বছর বিরতি দিয়ে এবার একটি মালায়াম সিনেমায় অভিনয় করছেন তিনি।
