২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালনায় আগ্রহী প্যাটিনসন

অভিনয়ের পাশাপাশি এবার সিনেমা তৈরি করতে চান রবার্ট প্যাটিনসন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 04:39 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবর অনুযায়ী, এবার থিয়েটার স্কুলে গিয়ে পরিচালনা শিখতে চান হলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনসন।

রাডার অনলাইন এক সূত্রের বরাতে জানিয়েছে, অভিনেতা হিসেবে ব্যাপক খ্যাতি পেয়েছেন প্যাটিনসন। তবে এই খ্যাতি এখন আর আগের মতো ভালো লাগছে না তার। এ জন্য অভিনয় ছেড়ে কিছুটা সময় ক্যামেরার পেছনে কাটাতে চান তিনি।

সূত্রটি আরও জানায়, ইতোমধ্যেই বেশ কয়েকজন ইন্ডিপেনডেন্ট সিনেমার পরিচালকের সঙ্গে আলোচনা শুরু করেছেন রবার্ট প্যাটিনসন। আপাতত কোনো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার।

২০০৪ সালে ব্রিটেনের টিভিতে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রবার্ট প্যাটিনসন। ২০০৫ সালে ‘হ্যারিপটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু হয় তার।

২০০৮ সালে ভ্যাম্পায়ারের কাহিনিভিত্তিক রোমান্টিক সিনেমা ‘টোয়াইলাইট’-এর মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি পান ২৭ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতা।

২০০৯ সালে ‘দ্য টোয়াইলাইট সাগা: নিউমুন’, ২০১০ সালে ‘দ্য টোয়াইলাইট সাগা: এক্লিপস’, ২০১১ সালে ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন পার্ট ১’ এবং ২০১২ সালে টোয়াইলাইট সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন পার্ট ২’ মুক্তি পায়। এই সিরিজের সবগুলো সিনেমাই বাণিজ্যিক সফলতা পায়। আর ওই সিরিজের কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা হিসেবে খ্যাতির শীর্ষে চলে যান রবার্ট প্যাটিনসন।

এদিকে টোয়াইলাইট সিরিজের সহশিল্পী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে প্রেম ও ভাঙনসহ বিভিন্ন কারণে বরাবরই সংবাদের শিরোনাম হয়েছেন প্যাটিনসন। বর্তমানে স্টুয়ার্টের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই।

ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে যথেষ্ট সচেতন প্যাটিনসন কখনও নিজের প্রেম-ভালোবাসা নিয়ে মুখ খুলতে চান না। তার মতে, খ্যাতির কারণে তাকে বরাবরই হতে হয়েছে নানা বিড়ম্বনার শিকার।

২০১৪ সালে মুক্তি পাচ্ছে প্যাটিনসন অভিনীত চারটি সিনেমা। এর মধ্যে ক্রাইম ড্রামা ধাঁচের সিনেমা ‘দ্য রোভার’ এবং ‘ম্যাপস টু দ্য স্টারস’-এর শুটিং শেষ হয়েছে। আর শুটিং চলছে ‘কুইন অফ দ্য ডেজার্ট’ এবং ‘লাইফ’-এর।

তবে আপাতত একটি সিনেমারও মুক্তির তারিখ নির্ধারিত হয়নি।