দ্বৈত ভূমিকায় সালমান
নির্মাতা সুরাজ বারজাতিয়ার নতুন সিনেমায় দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে সালমান খানকে।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, নাম ঠিক না হওয়া এই সিনেমার বাকি কলাকুশলী কারা থাকবেন, তা এখনও জানা যায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, এতে সালমানকে দেখা যাবে ডাবল রোলে।
এক সূত্রের বরাতে মিডডে জানিয়েছে, সুরাজ বারজাতিয়ার অন্য যে কোনো সিনেমা থেকে এটি হবে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। এখন সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজে ব্যস্ত আছেন সুরাজ।
সূত্রটি আরও জানিয়েছে, সিনেমার কাহিনি হবে এক রাজপরিবারকে ঘিরে যেখানে একজন অভিনেত্রী থাকবেন রাজকন্যার চরিত্রে।
সিনেমার মূল চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। কিন্তু ব্যস্ত শিডিউল থেকে সময় বের করতে পারেননি তিনি। এখন শোনা যাচ্ছে, হয়তো সোনাম কাপুর অভিনয় করবেন এই সিনেমায়।
সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরে মে মাস থেকে। আর এটি মুক্তি পাবে ২০১৫ সালের দিওয়ালিতে।
যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে প্রায় ১৫ বছর পর দ্বৈত চরিত্রে দেখা যাবে সালমানকে। এর আগে তিনি ডেভিড ধাওয়ানের সিনেমা ‘জড়ুয়া’তে একসঙ্গে দুই চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে।
এর আগে সুরাজ বারজাতিয়া পরিচালিত ‘ম্যায় নে পেয়ার কিয়া’ (১৯৮৯),‘হাম আপকে হ্যায় কৌন’ (১৯৯৪) এবং ‘হাম সাথ সাথ হ্যায়’ (১৯৯৯) এর মতো বাণিজ্যিকভাবে সফল সিনেমায় অভিনয় করেছেন সালমান খান।
সুরাজ বারজাতিয়া সাধারণত পারিবারিক পটভূমিতে নিটোল প্রেমের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করে থাকেন। এ পর্যন্ত তার নির্মিত সিনেমাগুলোর প্রতিটিরই প্রধান পুরুষ চরিত্রের নাম ‘প্রেম’।
